Dhaka Mail Logo

লাইফস্টাইল

বর্ষার অলস দুপুরে পড়তে পারেন এই বইগুলো 

লাইফস্টাইল ডেস্ক

১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

বর্ষার অলস দুপুরে পড়তে পারেন এই বইগুলো বর্ষা মানেই জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির শব্দ, মেঘলা আকাশ, এক কাপ চা আর একটু অলস বিকেল। এমন আবহাওয়ায় অনেকেই গান শোনেন, কেউ সিনেমা দেখেন। তবে বইপ্রেমীদের কাছে বর্ষা যেন বই পড়ার সবচেয়ে উপযুক্ত সময়। সত্যি বলতে, বৃষ্টির দিন আর বইয়ের পাতা যেন একে অন্যের পরিপূরক। বৃষ্টির শব্দের সঙ্গে বইয়ের পাতার মৃদু শব্দ মিলেমিশে তৈরি করে এক অন্যরকম অনুভূতি।

বর্তমান সময়ে স্মার্টফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে বই পড়ার অভ্যাস কিছুটা কমে গেলেও বর্ষা হতে পারে সেই অভ্যাসে ফিরে যাওয়ার একটি সুন্দর উপলক্ষ। কারণ, বৃষ্টির দিনে ঘরে থাকার সময়টুকু কাজে লাগিয়ে নতুন কোনো বইয়ের জগতে হারিয়ে যাওয়া যায় সহজেই।

এই বর্ষায় পড়ার জন্য বেছে নিতে পারেন বাংলা সাহিত্যের কয়েকটি জনপ্রিয় ও মননশীল বই। বর্ষার দুপুরে কোন বইগুলো পড়বেন চলুন জেনে নিই- 

bristi_bilash

বৃষ্টি বিলাস (হুমায়ূন আহমেদ)

বৃষ্টির কথা উঠলে হুমায়ূন আহমেদের নাম আসবে না, তা তো হয় না। এই লেখকের প্রায় প্রতিটি উপন্যাসে বৃষ্টি এক অন্যরকম চরিত্র হয়ে ধরা দিয়েছে। 'বৃষ্টি বিলাস' বইটি বর্ষার দিনে পড়ার জন্য একেবারে আদর্শ। মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ, কষ্ট আর বৃষ্টির দিনগুলোতে তাদের আবেগ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই বইটিতে। 

সহজ ভাষায় লেখা এই উপন্যাস আপনাকে মুহূর্তের মধ্যে গল্পের ভেতরে টেনে নেবে। গল্পের প্রধান চরিত্রগুলোর সাথে আপনিও যেন বৃষ্টির রিমঝিম শব্দে নিজেদের জীবনের হিসাব মেলাতে বসে যাবেন।

shesher_kobita

শেষের কবিতা (রবীন্দ্রনাথ ঠাকুর)

ভালোবাসা, বুদ্ধিবৃত্তিক আলাপ এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে লেখা এই উপন্যাস আজও সমান জনপ্রিয়। শিলংয়ের পাহাড়, ঝিরঝিরে বৃষ্টি আর অমিত-লাবণ্যর প্রেম। বৃষ্টির দিনে রোমান্টিক কিছু পড়তে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' হতে পারে দারুণ এক নির্বাচন। 

এটি শুধু শুধু প্রেমের গল্প নয়, এটি চিন্তা ও অনুভূতিরও এক অনন্য মেলবন্ধন। বৃষ্টিভেজা বিকেলে ধীরে ধীরে পড়ার জন্য এটি হতে পারে চমৎকার একটি বই। জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এই বইয়ের কাব্যিক ভাষা আপনার মনকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দেবে। 

পথের_পাঁচালী

পথের পাঁচালী (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

পথের পাঁচালী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। বাংলার গ্রাম, প্রকৃতি আর বৃষ্টির রূপ সবচেয়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে এই বইটিতে। অপু আর দুর্গার শৈশবের গল্প, তাদের বৃষ্টিতে ভেজার আনন্দ আর গ্রামের মেঠো পথের বর্ণনা আপনাকে নিয়ে যাবে আপনার নিজের ফেলে আসা ছেলেবেলায়। 

আধুনিক জীবনের ইট-পাথরের শহর থেকে দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য বৃষ্টির দিনে এই বইটি পড়া এক অসাধারণ অভিজ্ঞতা। বইয়ের পাতায় পাতায় আপনি যেন বাংলার আসল বৃষ্টির ছোঁয়া পাবেন।

আরণ্যক_উপন্যাসের_প্রচ্ছদ

আরণ্যক (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

প্রকৃতিকে নিখুঁতভাবে শব্দের মায়ায় ফুটিয়ে তুলতে বিভূতিভূষণের জুড়ি মেলা ভার। 'আরণ্যক' নিছক কোনো গল্প নয়, এটি একটি বিস্তীর্ণ অরণ্যভূমির জীবন্ত দলিল। লবটুলিয়া, আজমাবাদ কিংবা ফুলকিয়া বইহারের বিশাল প্রান্তরের গল্প পড়তে পড়তে আপনি যেন শহরের চার দেয়াল থেকে সোজা হারিয়ে যাবেন এক অচেনা বন্য পরিবেশে। 

ভানুমতী, রাজু পাঁড়ে বা যুগলপ্রসাদের মতো চরিত্রগুলোর সহজ সরল জীবনযাপন মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। বাইরে যখন ঝুম বৃষ্টি ঝরছে, তখন ঘরে বসে প্রাচীন অরণ্যের এই রহস্যময় এবং স্নিগ্ধ রূপের বর্ণনা পড়া এক জাদুকরী অনুভূতি তৈরি করে।

জোছনা_ও_জননীর_গল্প_(২০০৪)

জোছনা ও জননীর গল্প (হুমায়ূন আহমেদ)

বৃষ্টির দিনে আমরা অনেক সময়ই একটু নস্টালজিক হয়ে পড়ি। আর সেই আবেগের সাথে যদি মিশে যায় আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, তবে পড়ার অভিজ্ঞতাটি হয়ে ওঠে আরও গভীর। 'জোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি। 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, মানুষের হাসি কান্না, ত্যাগ আর লড়াইয়ের গল্প এত নিখুঁতভাবে এই উপন্যাসে উঠে এসেছে যে, পড়ার সময় আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটি বেশ বড় একটি উপন্যাস, তাই বর্ষার লম্বা অলস দিনগুলোতে ডুবে থাকার জন্য এর চেয়ে ভালো সঙ্গী আর কী হতে পারে!

এনএম