লাইফস্টাইল ডেস্ক
২৮ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ফুটবলের দুনিয়ায় যতগুলো দেশ আছে তার মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি দর্শক ও ভক্ত রয়েছে দল দুটির। তবে এই দুই দলের মধ্যে খুনসুটিও চলে অহরহ। কেউ কাউকে টিপ্পনি কাটতেও ছাড়ে না। খেয়াল করলে দেখবেন ব্রাজিলের জার্সিতে ৫টি স্টার, অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ৩টি স্টার রয়েছে। দুই দলের মধ্যে স্টারের এই তারতম্য মূলত বিশ্বকাপ জয়ের সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

ব্রাজিল বিশ্বকাপ কতবার নিয়েছে?
ব্রাজিল এ পর্যন্ত মোট ৫ বার ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে। তারা ১৯৫৮ সালে সুইডেনে প্রথম বিশ্বকাপ জয় করে ভিনসেন্ট ফিওলার নেতৃত্বে। এরপর ১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আইমোরে মরেইরার নেতৃত্বে দলটি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। ১৯৭০ সালে মেক্সিকোতে মারিও জাগালোর নেতৃত্বে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয়। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে কার্লোস আলবার্তো পেরেইরার নেতৃত্বে তারা চতুর্থ শিরোপা ঘরে তোলে। সবশেষে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে লুই ফেলিপ স্কলারির নেতৃত্বে ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
আর্জেন্টিনা বিশ্বকাপ কতবার নিয়েছে?
আর্জেন্টিনা এ পর্যন্ত মোট ৩ বার ফিফা বিশ্বকাপ জয় করেছে। দলটি প্রথমবার ১৯৭৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে সিজার লুইস মেনত্তির নেতৃত্বে শিরোপা জেতে। এরপর ১৯৮৬ সালে মেক্সিকোতে কার্লোস বিলার্দোর অধীনে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে লিওনেল স্কালোনির নেতৃত্বে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট অর্জন করে।
আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সিতে AFA লেখা কেন?
কেন স্টারের এই তারতম্য
ফুটবল জার্সিতে ব্যবহৃত এই স্টার বা তারকা চিহ্নগুলো মূলত একটি দেশের জাতীয় দলের বিশ্বকাপ জয়ের প্রতীক। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে জার্সিতে একটি করে স্টার যুক্ত করা হয়। যেহেতু ব্রাজিল এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ শিরোপা জয় করেছে, তাই তাদের জার্সিতে ৫টি স্টার শোভা পায়। অন্যদিকে, আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ বার এই শিরোপা জয় করেছে বিধায় তাদের জার্সিতে ৩টি স্টার রয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের ট্রফি জয়ের সংখ্যাই নির্ধারণ করে জার্সিতে কয়টি স্টার থাকবে।
এজেড