Dhaka Mail Logo

লাইফস্টাইল

দায়িত্বের চাপে হারিয়ে যায় বাবাদের নিজের স্বপ্ন

লাইফস্টাইল ডেস্ক

২১ জুন ২০২৬, ১২:২৯ পিএম

বাবা মানেই এক অবিচল আশ্রয়, জীবনের কঠিন সব সমস্যার সহজ সমাধান। সন্তানের শারীরিক, মানসিক কিংবা আর্থিক যেকোনো সংকটে বাবা মানেই এক জাদুকরী ভরসা। আমাদের প্রতিটি যৌক্তিক কিংবা অযৌক্তিক আবদার পূরণ করতে তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান। সেটা হোক ঈদের নতুন জামা কিংবা বাজারে আসা নতুন মডেলের স্মার্টফোন। বাবার সাধ্যের সীমানা ছাড়িয়ে গেলেও তিনি আমাদের আবদার পূরণের জন্য হাসিমুখে সবটুকু কষ্ট মেনে নেন।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা অধিকাংশ সময় শুধু আমাদের চাহিদার তালিকাটিই বাবার হাতে তুলে দিই। সংসারের বিশাল দায়িত্বের চাপে যে মানুষটি নিজের শখ, আহ্লাদ আর ব্যক্তিগত চাওয়া-পাওয়াগুলোকে ধীরে ধীরে বিসর্জন দিয়ে দিচ্ছেন, তা আমাদের নজরে খুব কমই পড়ে। খেয়াল করে দেখবেন, প্রতিটি ঈদে বা উৎসবে পরিবারের সবার জন্য নতুন জামা-কাপড় কেনা হলেও বাবার জন্য কেনা হয় না বললেই চলে। আর যদি কেনাও হয়, তবে তা সবার কেনাকাটা শেষ হওয়ার পর অবশিষ্ট বাজেটের ওপর ভিত্তি করে কেনা হয়। যেন তার প্রয়োজন বা শখটুকু সবসময়ই গৌণ।

একটু পেছনে ফিরে তাকালে বোঝা যায়, আমরা এখন যেমন স্বপ্ন দেখি- টাকা হলে ইচ্ছেমতো দেশ-বিদেশ ঘুরবো, পাহাড়ে কিংবা সমুদ্রের নীল জলরাশির পাশে সময় কাটাবো। আমাদের বাবারাও নিশ্চয়ই কোনো এক বয়সে এমন রঙিন স্বপ্ন দেখতেন। সেই তারুণ্যের দিনগুলোতে তাদের মনেও হয়তো ছিল অজস্র ইচ্ছে। কিন্তু সংসারের চাকা সচল রাখতে গিয়ে, পারিবারিক দায়িত্বের ভার বহন করতে গিয়ে সেই স্বপ্নগুলো কবে যে বাস্তবতার ধুলোবালিতে চাপা পড়ে গেছে, তা হয়তো খোদ বাবারাই টের পাননি। তারা নিজেদের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করতে আজীবন লড়াই করে গেছেন।

একটি পরিবারের অর্থনৈতিক খুঁটি হিসেবে বাবা তার অস্তিত্বের পুরোটা আমাদের জন্য উজাড় করে দেন। কিন্তু এই লড়াইয়ে তিনি যে মানুষটা ছিলেন, সেই মানুষটি কোথায় যেন হারিয়ে যান। আমাদের দায়িত্ব কেবল তার কাছ থেকে পাওয়া নয়, বরং তাকে আবার নতুন করে চেনা। 

আমাদের উচিত, নিজেদের শখ-আহ্লাদ পূরণের পাশাপাশি বাবাদের সেই ঝাপসা হয়ে যাওয়া ছোট ছোট স্বপ্নগুলোর দিকেও নজর দেওয়া। আমরা যদি একটু সচেতন হই, তবে আমাদের খুব সাধারণ কিছু কাজও বাবার মনে সমুদ্রের ঢেউয়ের মতো বিশাল এক আনন্দের জোয়ার বয়ে আনতে পারে। 

বাবার জন্য হয়তো বড় কোনো উপহারের প্রয়োজন নেই- শুধু একটু ভালোবাসা, একটু সময় দেওয়া, কিংবা হঠাৎ করেই তার পছন্দের কোনো জিনিস তার হাতে তুলে দেওয়া এগুলোই বাবার কাছে পরম প্রাপ্তি হয়ে উঠতে পারে। বাবা তো আমাদের কাছে কখনো পাহাড়সম প্রতিদান চাননি, তিনি কেবল চেয়েছিলেন আমাদের ভালো রাখা। আজ সময় এসেছে তার সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার এবং তার অবহেলিত স্বপ্নগুলোকে সম্মান জানানোর। 

লেখক: শিক্ষার্থী, বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

এনএম