লাইফস্টাইল ডেস্ক
২০ জুন ২০২৬, ১০:২২ এএম
বাবা শব্দটির মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল আশ্রয়, নিরাপত্তা আর নির্ভরতার অনুভূতি। ছোটবেলা থেকে আমাদের প্রয়োজন মেটাতে, স্বপ্ন পূরণ করতে এবং জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়াতে বাবারা নিজের অনেক ইচ্ছা-আকাঙ্ক্ষা নীরবে ত্যাগ করেন। তাই বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন না হলেও, ছোট্ট একটি উপহারও হয়ে উঠতে পারে তার মুখে হাসির কারণ।
উপহার মানেই দামি কিছু নয়। ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা দিয়ে দেওয়া ছোট্ট একটি জিনিসও বাবার কাছে অনেক মূল্যবান হয়ে উঠতে পারে। সীমিত বাজেটের মধ্যেও বাবাকে খুশি করার মতো অনেক সুন্দর উপহারের পরিকল্পনা করা যায়।
হাতে তেমন টাকা নেই কিন্তু বাবাকে কিছু উপহার দিতে চান? চলুন জেনে নিই স্বল্প বাজেটে কী উপহার দিতে পারেন বাবাকে-

বাবা যদি পড়তে ভালোবাসেন, তাহলে তার পছন্দের বিষয়ের একটি বই হতে পারে চমৎকার উপহার। ইতিহাস, ভ্রমণ, ধর্মীয় বই, আত্মজীবনী কিংবা প্রিয় লেখকের নতুন কোনো বই বাবার অবসর সময়কে আরও আনন্দময় করে তুলতে পারে। একটি বইয়ের সঙ্গে ছোট্ট একটি হাতে লেখা নোট যোগ করলে উপহারের আবেগ আরও বেড়ে যাবে।
বর্তমানে কম খরচে নিজের মতো করে তৈরি করা যায় বিভিন্ন উপহার। বাবার সঙ্গে সুন্দর কোনো মুহূর্তের ছবি দিয়ে তৈরি করা ফটো ফ্রেম কিংবা তার নাম লেখা একটি মগ হতে পারে স্মরণীয় উপহার। প্রতিদিনের ব্যবহারের এই জিনিসগুলো বাবাকে বারবার পরিবারের ভালোবাসার কথা মনে করিয়ে দেবে।

বাবারা অনেক সময় নিজের জন্য নতুন পোশাক কিনতে চান না। তাই বাজেটের মধ্যে একটি আরামদায়ক পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট কিংবা একটি সুন্দর গামছাও হতে পারে উপযুক্ত উপহার। বাবার দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে দেওয়া উপহার সবচেয়ে বেশি কার্যকর হয়।
প্রযুক্তির যুগে হাতে লেখা চিঠির আবেদন এখনো আলাদা। বাবার প্রতি নিজের অনুভূতি, কৃতজ্ঞতা আর ভালোবাসার কথা লিখে একটি চিঠি দিলে সেটি হতে পারে জীবনের অন্যতম মূল্যবান উপহার। অনেক সময় একটি ছোট্ট চিঠির আবেগ দামি উপহারের চেয়েও বেশি গভীর হয়।

সবচেয়ে বড় উপহার হতে পারে বাবাকে সময় দেওয়া। ব্যস্ততার কারণে অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ কমে যায়। বাবার সঙ্গে একসঙ্গে বসে গল্প করা, তার পুরনো স্মৃতি শোনা কিংবা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে অসাধারণ একটি উপহার।
বাবার স্বাস্থ্যের যত্নের কথা ভেবে ছোটখাটো কিছু উপহার দেওয়া যায়। যেমন ভালোমানের পানির বোতল, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী, হাঁটার জুতা বা একটি আরামদায়ক বালিশ। এগুলো বাবার প্রতি যত্ন ও দায়িত্ববোধের প্রকাশ করবে।

বাবার প্রিয় খাবার রান্না করে খাওয়ানোও হতে পারে বিশেষ উপহার। ছোটবেলার কোনো প্রিয় খাবার, মিষ্টি কিংবা পরিবারের সবাই মিলে একটি ছোট আয়োজন বাবার দিনটিকে আনন্দময় করে তুলতে পারে।
প্রকৃতিপ্রেমী বাবার জন্য একটি ছোট্ট গাছ হতে পারে সুন্দর উপহার। ফুলের গাছ, ফলের গাছ কিংবা ঘরের সৌন্দর্য বাড়ায় এমন কোনো গাছ বাবার জীবনে সবুজের ছোঁয়া এনে দেবে। পাশাপাশি এটি দীর্ঘদিনের স্মৃতি হিসেবেও থাকবে।

বাবার কাছে উপহারের দাম নয়, বরং সন্তানের ভালোবাসাটাই সবচেয়ে বড় বিষয়। একটি ছোট্ট উপহার, একটি আন্তরিক কথা কিংবা কিছুটা সময়ই বাবার জন্য হয়ে উঠতে পারে অমূল্য। কারণ বাবার ভালোবাসার ঋণ কোনো উপহার দিয়ে শোধ করা যায় না, শুধু ভালোবাসা দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।
এনএম