লাইফস্টাইল ডেস্ক
১৮ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে স্কিনকেয়ার নিয়ে যে ট্রেন্ডগুলো বাজিমাত করছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো আইস রোলার, ফ্রোজেন স্পুন এবং ‘স্কিন আইসিং’। ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকে অসংখ্য ভিডিওতে দাবি করা বরফ ব্যবহার করলে মুহূর্তেই ত্বকের পোরস বা গর্ত ছোট হয়ে যায়। কমে মুখের ফোলা ভাব। ত্বক হয় কাঁচের মতো মসৃণ ও উজ্জ্বল।
ভিডিওতে বলা হয়, বরফ ব্যবহার করলে মুহূর্তের মধ্যেই পোরস ছোট হয়ে যায়, মুখের ফোলা ভাব কমে এবং ত্বক কাঁচের মতো মসৃণ ও উজ্জ্বল দেখায়। কিন্তু আসলেই কি আইস রোলার পোরসের আকার কমাতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, মোটেই না। আইস রোলার ব্যবহার করলে ত্বক সাময়িকভাবে সুন্দর ও টানটান দেখাতে পারে বটে, কিন্তু পোরসের প্রকৃত আকারে কোনো স্থায়ী পরিবর্তন আসে না।
ঠান্ডাভাব ত্বকে লাগলে রক্তনালিগুলো সাময়িকভাবে সংকুচিত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ভ্যাসোকনস্ট্রিকশন। ফলে মুখের ফোলা ভাব, লালচে ভাব এবং প্রদাহের সমস্যা কিছু সময়ের জন্য কমে যায়।
এই কারণেই ঠান্ডা কিছু ব্যবহারের পর ত্বক কিছুটা টানটান ও মসৃণ দেখায়। এতেই অনেকের মনে হয় পোরস ছোট হয়ে গিয়েছে। কিন্তু এই প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে এবং ত্বক স্বাভাবিক তাপমাত্রায় ফিরে এলে আগের অবস্থাতেই ফিরে যায়।

অনেকেরই ধারণা, গরমে পোরস খুলে যায় এবং ঠান্ডায় বন্ধ হয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। পোরস কোনো দরজার মতো নয় যে ইচ্ছে মতো খুলবে বা বন্ধ হবে। এগুলোর আকার মূলত জিনগত বৈশিষ্ট্য, ত্বকের তেল উৎপাদন, কোলাজেনের মাত্রা, বয়স বৃদ্ধি এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে নির্ধারিত হয়।
যদিও আইস রোলার পোরস ছোট করতে পারে না, তবুও এটি অনেকের স্কিনকেয়ার রুটিনের অংশ। কারণ এটি মুখের ফোলা ভাব কমায়, ত্বককে সতেজ দেখায় এবং মেকআপের জন্য একটি সুন্দর বেস তৈরি করতে সাহায্য করে।

পোরসের দৃশ্যমানতা কমাতে চাইলে আইস রোলারের চেয়ে সঠিক স্কিনকেয়ার অনেক বেশি কার্যকর। বিশেষজ্ঞদের মতে, স্যালিসিলিক অ্যাসিড অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। রেটিনয়েড ত্বকের কোষ পুনর্গঠন ও কোলাজেন উৎপাদন বাড়ায়। এছাড়া নায়াসিনামাইড ও নিয়মিত সানস্ক্রিন ব্যবহারও পোরস কম দৃশ্যমান করতে সাহায্য করে।
সঠিকভাবে ব্যবহার করলে আইস রোলার নিরাপদ। এটি প্রদাহ কমাতে, লালচে ভাব দূর করতে এবং সকালের ফোলাভাব কমাতে সাহায্য করে। তবে বরফ সরাসরি দীর্ঘক্ষণ ত্বকে লাগিয়ে রাখা উচিত নয়। অতিরিক্ত বরফের ব্যবহার ত্বকে জ্বালা, স্কিন ব্যারিয়ারের ক্ষতি বা সংবেদনশীল ত্বকে হালকা ‘আইস বার্ন’ সৃষ্টি করতে পারে।
এনএম