images

লাইফস্টাইল

রাশিয়া দিবসের আয়োজনে বহুমাত্রিক উপস্থাপনা

তায়েব মিল্লাত হোসেন

১৫ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

আগের শতকের নব্বই সালে তথা তিন যুগ আগের ১২ জুন সোভিয়েত রাশিয়া থেকে রাশিয়া ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। দিনটি তারা উদযাপন করে রাশিয়া দিবস হিসেবে। ঢাকার রাশিয়ান হাউস যা এবার উদযাপন করেছে একটি দিন পরে ১৩ জুন শনিবার। যেখানে ছিল সংস্কৃতির সব শাখার উপস্থাপনা। বর্ণিল এ আয়োজন উপভোগ করেন ঢাকায় অবস্থানরত রুশ সম্প্রদায়। অতিথি হিসেবে ছিলেন রাশিয়ান হাউসের শুভানুধ্যায়ী বাংলাদেশিরাও।

এই আয়োজন উদ্বোধন করেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই। এসময় তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে এক ধরনের সেতুবন্ধন রয়েছে। এটা মূলত সংস্কৃতির আদান-প্রদানের কারণেই সম্ভব হয়ে থাকে।

a500d368-cfee-4a30-86c1-df079fe98670

রাশিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সংস্কৃতি ও মানবিক সহযোগিতার বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে আধুনিক রাশিয়াকে তুলে ধরা হয়। যেখানে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি দেখানো হয়। এর পাশাপাশি তাতে ছিল সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের ইয়েলাবুগা কলেজ অব কালচার অ্যান্ড আর্টস-এর লোকসংগীত ও নৃত্যদল ‘আলাবুগা’-এর পরিবেশনা। রুশ ও তাতার লোকসংগীত, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং নৃত্যের মাধ্যমে তারা রাশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। কনসার্টে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রাজিল গাব্বাসভ ঐতিহ্যবাহী লোকবাদ্যযন্ত্র পরিবেশন করেন। আরো ছিলো তাতারস্তান প্রজাতন্ত্রের শিল্পী দিলইয়ারা মিরোভায়েভার বিশেষ পরিবেশনা।

dc62e59d-bb92-4229-9aa2-9c0d4c23b4f1

‘হ্যাপিনেস’ নামে একটি শিশু নৃত্যদলও নিজেদের উপস্থাপনায়  দর্শকদের মুগ্ধ করে। এই দলের সবাই সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সন্তান। পরিবেশনায় পিছিয়ে থাকেনি বাংলাদেশে বসবাসরত রাশিয়ানরাও। তারা ‘গ্লিয়াঝু ভ ওজিওরা সিনিয়ে’ গান-কবিতা আবৃত্তি করেন। জনপ্রিয় রুশ লোকসংগীত ‘করোবেইনিকি’-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের একটি বিশেষ অংশ তাতারস্তান প্রজাতন্ত্রকে উৎসর্গ করা হয়। যেখানে এর সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজধানী কাজান সম্পর্কে দর্শকদের পরিচিত করা হয়। 

58fbd319-23b6-404e-be51-e478682fa128

ছিল সাংস্কৃতিক মেলা

কনসার্টের পর অতিথিরা রাশিয়া দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক মেলায় অংশ নেন। ‘মাল্টিকালচারাল রাশিয়া’ প্রদর্শনীতে রাশিয়ার বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতি তুলে ধরা হয়। আর ‘প্রিস্টিন রাশিয়া’ প্রদর্শনীতে দেশটির অনন্য প্রাকৃতিক দৃশ্য ও বন্যপ্রাণী উপস্থাপন করা হয়। মেলায় মাতরিয়োশকা রঙ করার কর্মশালা, রুশ ধাঁচের ফটোজোন, স্মারক সামগ্রীর প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবার ও পানীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়।

এজেড