images

লাইফস্টাইল

ছুরি দ্রুত ধার করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

২৫ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

দেখতে দেখতে দ্বারপ্রান্তে চলে এসেছে কোরবানির ঈদ। ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছেন গৃহিণীরা। ঈদুল আজহার প্রস্তুতি বলতে মসলা রেডি রাখা, ছুরি-বটি ধার দিয়ে রাখা বোঝায়। রোজকার কাজ করতে করতে ভোঁতা হয়ে যায় ছুরি। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে ছুরির ধার ফেরানো যায়। 

অনেকে মনে করেন, ছুরির দোষেই এটি ভোঁতা হয়ে যায়। তবে অভিজ্ঞদের মতে, ছুরির ধার কমে ব্যবহার দোষেই। অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধারালো ছুরির শেষ প্রান্তটি ধরলে দেখা যাবে সেখানে একেবারে নিখুঁত ইংরেজি 'V' অক্ষরের মতো দাগ রয়েছে। ছুরির ভুল ব্যবহারে এই ধারালো 'V' অংশটি বেঁকে যায় বা ক্ষয়ে যায়। ফলে কোনো কিছু কাটতে গেলে তা থেঁতলে যায়।

knife_1

ছুরি দ্রুত ভোঁতা হওয়ার কারণ

কাচের বা পাথরের কাটিং বোর্ড: মার্বেল, গ্রানাইট, কাচ বা চিনেমাটির প্লেটের ওপর রেখে সবজি কাটেন? এমন অভ্যাস থাকলে বদলে ফেলুন। এসব শক্ত সারফেস ছুরির জন্য ক্ষতিকর। 

বাসন মাজার তরল: প্রতিনিয়ত ক্ষতিকর ডিটারজেন্ট, গরম পানি ছুরিতে লাগলে সহজেই ধার নষ্ট হয়ে যায়। 

বোর্ড থেকে সবজি চেঁছে তোলা: কাটাকুটি করার পর ছুরির ধারালো দিকটি দিয়ে বোর্ডের ওপর আড়াআড়িভাবে ঘষে (Scraping) সবজি এক জায়গায় জড়ো করার অভ্যাস অনেকেরই আছে। এতে ব্লেডের ক্ষুরধার অংশটি কিন্তু বেঁকে যায়।

knife_2

ছুরির ধার ধরে রাখার উপায়

১. সঠিক কাটিং বোর্ড বেছে নিন

কাচ বা পাথর ছেড়ে কাঠের অথবা ভালোমানের নরম প্লাস্টিকের কাটিং বোর্ড ব্যবহার শুরু করুন।

২. ছুরির উল্টো পিঠ ব্যবহার করুন

বোর্ড থেকে কাটা সবজি কড়াইতে দেওয়ার সময় ছুরির ধারালো দিক ব্যবহার না করে, ছুরিটি উল্টে নিন। ছুরির ভোঁতা পিঠ বা ‘স্পাইন’ (Spine) দিয়ে সবজি ঠেলে এক জায়গায় জড়ো করুন। এতে ধার অক্ষুণ্ণ থাকবে।

rod

৩. ‘হোনিং রড’ ব্যবহার করুন

অনেকেই হোনিং রড (Honing Rod) বা ইস্পাতের দণ্ডকে ছুরি ধার করার যন্ত্র ভাবেন। আসলে এটি ধার বাড়ায় না, বরং ব্যবহারের কারণে ছুরির যে ধারালো মুখটি বেঁকে যায়, তাকে একদম সোজা লাইনে ফিরিয়ে আনতে সাহায্য করে।

৪. শান দেওয়ার পাথর

ছুরির ধার যখন একেবারেই নষ্ট হয়ে যায়, তখন এর প্রয়োজন হয়। বাজারে বা অনলাইনে ‘হোয়েটস্টোন’ (Whetstone) বা শানের পাথর পাওয়া যায়। পাথরটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে প্রথমে খসখসে পিঠে (কোয়ার্স গ্রিট) এবং পরে মসৃণ পিঠে (ফাইন গ্রিট) সঠিক কোণ বজায় রেখে ঘষলেই ছুরি হয়ে উঠবে নতুনের মতো ক্ষুরধার।

knife_3

৫. ফেলে রাখবেন না

অন্যান্য চামচ বা বাসনের সঙ্গে ড্রয়ারের ভেতর ছুরি ফেলে রাখলে ঘষা লেগে ধার নষ্ট হয়। এর বদলে দেওয়ালে ঝোলানো ম্যাগনেটিক স্ট্রিপ (Magnetic Knife Strip) অথবা কাঠের নাইফ ব্লকে ছুরি সাজিয়ে রাখুন। এতে রান্নাঘরের শোভাও বাড়বে, ছুরিও নিরাপদ থাকবে।

এনএম