images

লাইফস্টাইল

গোপনাঙ্গের স্বাস্থ্য ভালো রাখতে রোজকার পাতে রাখুন এসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

বয়সের সঙ্গে সঙ্গে নারীদের যোনিতেও পরিবর্তন আসে। পিরিয়ডের সময় একভাবে যত্ন নিতে হয় সন্তান জন্মের পর আরেকরকম। আবার ঋতুবন্ধের সময়ও আলাদা বিশেষ যত্নের প্রয়োজন হয়। এছাড়া নিয়মিত শারীরিক মিলনে লিপ্ত হলে যোনির আলাদা সুরক্ষার প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না করার কারণে নারীদের নানা সংক্রমণে ভুগতে হয়। 

সাধারণত পরিষ্কার পানি দিয়ে ধুলেই যোনি সুরক্ষিত থাকে। এর জন্য কোনো প্রকার সুগন্ধি বা সাবান ব্যবহারের প্রয়োজন পড়ে না। বরং, প্রসাধনী ব্যবহারে বাড়ে সংক্রমণের ঝুঁকি। এছাড়া বেশ কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে ভালো থাকলে ভ্যাজাইনাল হেলথ। সদ্য ঋতুস্রাব শুরু হওয়া কিশোরী হোক বা সন্তান প্রসবের পর নতুন মা, প্রত্যেকের স্বাস্থ্যের জন্য এসব খাবার উপকারি- 

food_1

প্রোবায়োটিক খাবার

যোনিতে থাকা ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রোবায়োটিক্স। পাশাপাশি ইস্ট ইনফেকশন, মূত্রনালির সংক্রমণের মতো একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করে এটি। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রোবায়োটিক্স। একাধিক গবেষণা অনুযায়ী, ভ্যাজাইনাল হেলথের যত্ন নেয় এই উপাদানটি। এক্ষেত্রে রোজকার পাতে রাখতে পারেন টকদই। এছাড়া আচার, কিমচি, ইডলি, দোসার মতো খাবারগুলো প্রোবায়োটিক্সের ভালো উৎস।

অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার

যেসব ফলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, সেগুলো খান। অ্যান্টি অক্সিডেন্ট কোষকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় এবং সংক্রমণের হাত থেকে রক্ষা করে। প্রজনন স্বাস্থ্যের যত্ন নেয় অ্যান্টি অক্সিডেন্ট। স্ট্রবেরি, আমলকি, বেদানা, কমলালেবু, মুসাম্বি, ব্লুবেরি ইত্যাদি ফলে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট। 

food_2

ফাইবার সমৃদ্ধ খাবার

ফাইবার যোনিতে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বজায় রাখতে সাহায্য করে। এটি ইস্ট সংক্রমণের ঝুঁকি কমায়। বিভিন্ন ধরনের সবজি, ডাল, দানাশস্য খেতে পারেন। হাই ফাইবার ডায়েট রক্তে শর্করার মাত্রা এবং ওজনও নিয়ন্ত্রণে রাখে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারি। 

কম গ্লাইসেমিক সূচক যুক্ত খাবার

যেসব খাবারের গ্লাইসেমিক সূচক কম, সেগুলো নারীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এই ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং এর জেরে ভ্যাজাইনাল ডিসচার্জের ভারসাম্য বজায় থাকে। এসব খাবার সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে সাহায্য করে। এক্ষেত্রে আপেল, লেবুজাতীয় ফল, স্টার্চমুক্ত সবজি, দুধ, দানাশস্য ইত্যাদি খেতে পারেন।

vitamin_d

ভিটামিন ডি সমৃদ্ধ খাবার

সন্তান প্রসবের পর এবং ঋতুবন্ধের সময় ও পরে অনেক নারীই যোনিতে শুষ্কভাব অনুভব করে। এই ভ্যাজাইনাল ড্রাইনেস দূর করতে সাহায্য করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। এই ভিটামিন যোনিতে পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ডিম, দুধ, মাশরুম এবং ফর্টিফায়েড খাবারে ভিটামিন ডি থাকে। তবে যেহেতু নারীরা সবচেয়ে বেশি এই পুষ্টির ঘাটতিতে ভোগেন, তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন। 

এনএম