লাইফস্টাইল ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ৪০ ছুঁই ছুঁই। কেবল বাইরে বের হলেই নয়, ঘরের ভেতরেও টের পাওয়া যাচ্ছে উত্তাপ। গোসল করতে গেলে ট্যাপ দিয়ে যেন বের হচ্ছে গরম পানি। অনেক বাড়িতেই গরমের সময় ট্যাংকের পানি উত্তপ্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতি হয় যে পানি দিয়ে জামাকাপড়, থালা-বাসন ধোয়া, গোসল করা কঠিন হয়ে পড়ে।
এই সমস্যা কিছুটা সামলানো যায় যদি ট্যাংকের পানি তুলনামূলক কম গরম হয়? কিন্তু কীভাবে? কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে ছাদে থাকা ট্যাংকের পানি শীতল রাখা সম্ভব। চলুন সেই উপায়গুলো জেনে নেওয়া যাক-

সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো ট্যাংকটি ঢেকে দেওয়া। তাপ-নিরোধক পানির ট্যাংকের ঢাকনা সহজেই পাওয়া যায়। এটি ট্যাংককে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করে। যদি থার্মোকল শিট, রেজিন বা এমনকি পুরনো তোশক ব্যবস্থার করেও একটি ঢাকনা তৈরি করতে পারেন তাহলেও উপকার মিলবে। এটি ট্যাংকে সরাসরি সূর্যের আলো পড়া থেকে বিরত রাখবে এবং পানির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।
যেখানে ট্যাংকটি রাখা থাকে, গ্রীষ্মকালে সেখানে সবচেয়ে বেশি তাপ লাগে। তাই ট্যাংকের ওপর টিন, ফাইবার বা সবুজ জালের শেড স্থাপন করুন। এই শেড সরাসরি সূর্যালোক থেকে সুরক্ষা দেয়। এই সমাধানটি দীর্ঘমেয়াদে উপকারী। এটি কেবল ট্যাংককেই নয়, ছাদের বাকি অংশকেও ঠান্ডা রাখতে সাহায্য করে।

লক্ষ্য করে দেখবেন, গ্রীষ্মকালে মানুষ সাদা পোশাক পরতে পছন্দ করে। একইভাবে, ট্যাংকের হালকা রঙ সূর্যের আলো বেশি প্রতিফলিত করে। যদি আপনার ট্যাংকটি কালো বা গাঢ় রঙের হয়, তবে আপনি এটিকে সাদা বা হালকা কোনো রঙে রাঙিয়ে দিতে পারেন। এতে ট্যাংকের ভেতরের তাপ কমবে এবং পানি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবে।
ট্যাংকের চারপাশে টবে লাগানো গাছ বা লতানো গাছ লাগাতে পারেন। এটি প্রাকৃতিক ছায়া তৈরি করে এবং ট্যাংকের ওপর সরাসরি সূর্যালোক পড়া কমায়। এটি ছাদকেও ঠান্ডা রাখে। এখনও গ্রামের মানুষ গরম থেকে স্বস্তি পেতে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

পানি খুব গরম হয়ে গেলে দিনের বেলায় ব্যবহার কমিয়ে দিন। খুব ভোরে ও রাতে ট্যাঙ্কের পানি ঠান্ডা থাকে, তাই সেই সময়ে গোসল এবং অন্যান্য কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। এছড়াও সম্ভব হলে, একটি ভারসাম্যপূর্ণ তাপমাত্রা বজায় রাখার জন্য দিনের বেলায় ট্যাংকে কিছু তাজা পানি যোগ করতে থাকুন।
এনএম