লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
সূর্যের তাপে নাজেহাল শহর-গ্রামের সবাই। বেড়েছে ঘামের পরিমাণ। গরমে ঘামের দুর্গন্ধ একদমই সহ্য করা যায় না। বাড়ে অস্বস্তি। কেবল সুগন্ধি দিয়ে ঘামের গন্ধ দূর করা যায় না। এই সমস্যা দূর করতে কিছু অভ্যাস রপ্ত করা উচিত। চলুন জেনে নিই বিস্তারিত-
গ্রীষ্মকালে দুইবার গোসল করা জরুরি। এতে যে শুধু শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, তা নয়। গায়ে লেগে থাকা সব ব্যাকটেরিয়া বা ছত্রাকও পরিষ্কার হবে সহজে। যখনই গোসল করবেন, সাবান বা শাওয়ার জেল ব্যবহার করুন।

গোসলের সময় পানিতে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিতে পারেন। লেবুর রস বা লেবুর খোসা মিশিয়েও গোসল করতে পারেন। অনেকসময় গায়ে লেবুর খোসা ঘষলেও ব্যাকটেরিয়া মরে যায় এবং ঘামের দুর্গন্ধ দূর হয়।
গোসলের সময়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। এরপর অবশ্যই আন্ডারআর্মস রোল অন ব্যবহার করতে পারেন। বেশ কিছু আন্ডারআর্মস রোল অন রয়েছে, যার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এসব উপাদান দুর্গন্ধ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এতে ঘাম হলেও দুর্গন্ধ ছড়াবে না। তারপর সুগন্ধি মাখতে পারেন।

ঘামের মধ্যে থাকা ব্যাকটেরিয়াই দুর্গন্ধ তৈরি করে। এসব ব্যাকটেরিয়া মেরে ফেললেই দুর্গন্ধের সমস্যা দূর হয়ে যাবে। এই সমস্যা এড়াতে শরীরের যেসব অংশে অতিরিক্ত ঘাম হয়, সেখানে অ্যাপেল সিডার ভিনেগার মাখতে পারেন। চাইলে গোসলের পানিতে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিতে পারেন।
গরমে ত্বক ও শরীর ভালো রাখতে হলে হাইড্রেশন ও ডায়েটের ওপর জোর দিতে হবে। অনেকসময় তেল-মসলা বেশি খেলে ঘাম বেশি হয় এবং শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তাই পর্যাপ্ত পানি খান এবং হালকা খাবার ডায়েটে রাখুন।
এনএম