লাইফস্টাইল প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
ব্যথা এখন অধিকাংশ মানুষের নিত্যসঙ্গী। প্রায় সব ঘরে এমন একজনকে খুঁজে পাওয়া যাবে যিনি পিঠ আর কোমরের ব্যথায় ভুগছেন। জিজ্ঞেস করলেই জানতে পারবেন, বেশিক্ষণ বসে থাকলেই পিঠ টনটন করে ওঠে। শিরদাঁড়া বেয়ে ব্যথা নেমে আসে কোমরে। এই ব্যথা সবচেয়ে বেশি ভোগায় বসা থেকে ওঠার সময়, শোয়ার সময়, ঝুঁকে কিছু তোলার সময়।
নানা কারণে পিঠ-কোমরে ব্যথা হয়। বেশিরভাগ সময়ই এর জন্য দায়ী থাকে চোট-আঘাত, পেশিতে টান কিংবা বয়সজনিত কারণ। এই ব্যথা থেকে মুক্তি পেতে শুধু ওষুধের ওপর নির্ভর করলে চলবে না। পাশাপাশি অভ্যাস করতে হবে যোগাসন। রোজ সকালে ‘মেরু বক্রাসন’ এর অভ্যাস করলে দ্রুত পিঠের ব্যথা থেকে মুক্তি মিলবে।

১. চেয়ারে সোজা হয়ে পা ঝুলিয়ে বসুন। মাথা ও ঘাড় সোজা রাখবেন। চাইলে মেঝেতে বসেও এই ব্যায়ামটি করতে পারেন।
২. এবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের উপরিভাগ বাঁ দিকে ঘোরান। কোমর থেকে শরীরের উপরের অংশ মোচড় দিয়ে ঘোরাতে হবে।
৩. এই অবস্থানে বাঁ হাত রাখুন বাঁ দিকের নিতম্বের কাছে আর ডান হাত রাখুন বাঁ হাঁটুর ওপরে।
৪. একইসঙ্গে বাঁ দিকে ধীরে ধীরে ঘাড়ও ঘোরান। তবে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন না।

৫. এবার শ্বাস নিতে নিতে শুরুর অবস্থানে ফিরে আসুন।
৬. একইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে মোচড় দিয়ে শরীর ঘোরান। ডান হাত রাখুন ডান দিকের নিতম্বের কাছ আর বাঁ হাত ডান হাঁটুর ওপরে। ডান দিকে ঘাড় ঘোরান। এই অবস্থানে কয়েক সেকেন্ড থাকতে হবে।
৭. ২০-৩০ সেকেন্ড করে ৭-৮ বার আসনটি অভ্যাস করতে হবে।

চেয়ারে বসে কোমর থেকে শরীরের উপরিভাগ মোচড় দেওয়া বা স্পাইনাল টুইস্ট নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড টান টান ও সোজা হয়।
ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা থেকে মুক্তি মেলে।
ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকেও মুক্তি মিলবে এই আসন অভ্যাস করলে।
যারা স্পন্ডিলাইটিসের ব্যথায় ভুগছেন, তারা নিয়ম করে অভ্যাস করুন মেরু বক্রাসন।
এনএম