images

লাইফস্টাইল

ইলেকট্রিক কেটলিতে সাদা স্তর? পরিষ্কার করুন মাত্র এক উপাদানেই 

লাইফস্টাইল ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

গ্যাসের খরচ বাঁচানো, ঝটপট চা বানানো, দ্রুত পানি গরম করা ইত্যাদি কাজের জন্য প্রায় বাড়িতেই বেড়েছে ইলেকট্রিক কেটলির ব্যবহার। কেউ এতে শুধু পানি গরম করছেন, কেউবা চা-কফি বানাচ্ছেন। কেউ এই কেটলি ব্যবহার করেন ডিম সেদ্ধ করতে। আবার কেউ কেউ চাল-ডালও সেদ্ধ করেন। 

সমস্যা হলো ব্যবহারের ফলে ইলেকট্রিক কেটলির ভেতর সাদা দাগ জমে। অনেকেই ভিনেগার বা ডিশ ওয়াশার দিয়ে এটি পরিষ্কারের চেষ্টা করেন। কিন্তু জেদি সাদা দাগ কিছুতেই যেতে চায় না। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে ঘরে থাকা সহজ একটি উপাদান। চলুন কেটলি থেকে সাদা দাগ উঠানোর উপায় জেনে নিই-

kettle_1

কেটলির ভিতরে যে সাদা আস্তরণ জমে, তার নাম লাইমস্কেল। পানিতে থাকা খনিজ পদার্থ বার বার গরম হওয়ার ফলে এই স্তর তৈরি হয়। দীর্ঘ দিন ধরে এটি জমতে জমতে কেটলির কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। সাদা স্তর জমলে পানি গরম হতে বেশি সময় নেবে। ফলে বেশি শক্তি খরচ হবে এবং বিদ্যুতের বিলও বেশি আসবে। এমনকি, পানির স্বাদও পাল্টে যেতে পারে। তাই শুরু থেকেই কেটলির যত্ন নেওয়া উচিত।

লাইমস্কেলের দূর করার সবচেয়ে কার্যকরী উপাদান হলো সাইট্রিক অ্যাসিড। লেবু, কমলালেবু বা সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফলে থাকা প্রাকৃতিক অম্ল এই জমে থাকা দাগকে দূর করতে সাহায্য করে এবং কেটলিকে পরিষ্কার করে দেয়।

kettle_2

মূলত লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের সঙ্গে মিশে সেগুলোকে জলে দ্রবণীয় করে ফেলে। ফলে সহজেই ধুয়ে ফেলা যায়। কেটলির ভেতর জমা সাদা স্তর দূর করতে ভিনেগারের তুলনায় সাইট্রিক অ্যাসিড অনেক বেশি কার্যকর।

কীভাবে সাইট্রিক অ্যাসিড দিয়ে কেটলি পরিষ্কার করবেন? 

প্রথমে কেটলিতে পরিমাণ মতো পানি নিন। এরপর তাতে কয়েক টুকরো লেবু বা লেবুর রস মিশিয়ে দিন। এবার এই লেবু-পানি ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে সেটি কিছুক্ষণ কেটলির ভেতরেই রেখে দিন। এতে লেবুর রস লাইমস্কেলের ওপর ভালোভাবে কাজ করতে পারবে।

kettle_3

এরপর পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে কেটলি ধুয়ে নিলেই দেখবেন, দাগ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রয়োজনে এই পদ্ধতি এক-দু’বার পুনরাবৃত্তি করা যেতে পারে, যদি দাগ বেশি জমে থাকে।

এনএম