লাইফস্টাইল ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম
ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কিডনি রোগ। কিডনিজনিত ক্রনিক অসুখে আক্রান্ত হচ্ছে অসংখ্য তরুণও। কিডনিতে পাথর জমার সমস্যা প্রায় ঘরে ঘরে। তার ওপর কিডনিতে সংক্রমণ, পলিসিস্টিক কিডনির অসুখেও আক্রান্ত হচ্ছেন অনেকে।
কিডনির রোগের এমন কিছু লক্ষণ দেখা দেয়, যা বোঝা যায় না সহজে। কিন্তু এসব উপসর্গ এড়িয়ে গেলেই বিপদ। কিডনির রোগের এমন কিছু লক্ষণ আছে, যা দেখা দেয় চোখে ও ত্বকেও। যেসব লক্ষণ দেখা দিলে সাবধান হবেন-

সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিক ফুলে আছে এবং ফোলাভাব কমছে না, তবে বুঝবেন কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এটি কিডনি রোগের প্রাথমিক লক্ষণ।
কিডনি রোগের কারণে রক্তচাপের হেরফের হতে পারে। রক্তচাপ যদি বাড়ে, তাহলে চোখের রক্তনালিগুলো ছিঁড়ে যেতে পারে। এর রেশ পড়বে রেটিনাতেও। এর থেকে রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বাড়বে। এই রোগে চোখের রক্তনালিগুলো থেকে রক্তক্ষরণ হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।

কিডনির সমস্যা থাকলে ত্বকে ফুসকুড়ি, র্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। বাতাসে অত্যধিক আর্দ্রতা শুষ্ক ত্বকের একমাত্র কারণ নয়। শুষ্ক এবং রুক্ষ ত্বক কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।
কিডনি সঠিকভাবে কাজ না করার ফলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। ফলে টক্সিন জমে থেকে ত্বক শুকিয়ে যায়। তাই হঠাৎ যদি ত্বক শুষ্ক ও খসখসে দেখায় তাহলেও সতর্ক হতে হবে।

কিডনি বিকল হলে ফুসফুসে পানি জমতে শুরু করে। শ্বাস নিতে কষ্ট হয়। রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়ে হার্টে প্রদাহ হতে পারে। ফলে বুকে ব্যথা বাড়ে।
এনএম