images

লাইফস্টাইল

লিভারের রোগ মানেই জন্ডিস নয়, এসব লক্ষণে সতর্ক হবেন

লাইফস্টাইল ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

শরীরের ভালোমন্দ অনেক কিছুই নির্ভর করে লিভারের ওপর। এই অঙ্গটিতে কোনো সমস্যা দেখা দিলে শরীর বিগড়ে যায়। অতিরিক্ত মদ্যপান, তেলমসলাদার খাবার খাওয়া, পানি কম খাওয়া ইত্যাদি অভ্যাসের কারণে লিভারের অসুখ হয়। কিন্তু লিভারজনিত অসুখ সবসময় প্রাথমিক অবস্থায় টের পাওয়া যায় না। 

অনেকেই মনে করেন, লিভারের রোগ হওয়া মানে জন্ডিসের উপসর্গ দেখা দেওয়া। আসলে কিন্তু তা নয়। আরও অনেকরকম লক্ষণ দেখা দিতে পারে। এগুলো চেনা ও সতর্ক থাকা জরুরি-

liver-1 

লিভারের যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন?

গলা জ্বালা ও ব্যথা 

পিত্তরস খাদ্যনালী দিয়ে গলায় উঠে এলে গলা জ্বালা, গলায় ব্যথা, বমি বমি ভাব হবে। কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কণ্ঠস্বরেরও। 

হাতের তালুতে লালচে ছোপ 

দুই হাতের তালুতে লালচে ছোপ ফুটে উঠবে। এতে কোনো জ্বালা বা চুলকানি হবে না। তবে হাতের তালু ফুলে উঠবে এবং লালচে ছোপ আরও বেশি ছড়াতে থাকবে। লিভারের রোগ হলে হরমোনগুলোর ক্ষরণ অনিয়মিত হয়ে যায়। ফলে হাতের তালুর রক্তনালিগুলি প্রসারিত হয়, সেখানে প্রদাহ শুরু হয়।

pain

পেটে যন্ত্রণা 

বিভিন্ন কারণে পেটে যন্ত্রণা হতে পারে। তবে লিভারজনিত সমস্যার অন্যতম লক্ষণ হলো পেটে ব্যথা। একটানা পেটে ব্যথা হলে সচেতন হওয়া জরুরি। প্রয়োজনে লিভার পরীক্ষা করানো উচিত। তবে সর্বপ্রথম চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।

পেশিতে টান 

লিভারের রোগ বা ফ্যাটি লিভার রোগ কার্ডিয়োভাসকুলার ডিজিজ (সিভিডি)-র ঝুঁকিও বাড়িয়ে দেয়। হৃদ‌যন্ত্রের সমস্যা শুরু হলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে পেরিফেরাল আর্টারি ডিজিজ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে অন্যান্য অঙ্গ-সহ পায়েও ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না। ফলে পায়ে তীব্র যন্ত্রণা, পেশিতে টান, হাঁটতে গিয়ে পায়ে জোর না পাওয়ার মতো সমস্যা শুরু হতে পারে।

eat

মিষ্টি খাবারের প্রতি আসক্তি 

ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের খিদেও বেড়ে যায়। এমন সময় মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়লে সতর্ক হতে হবে। ওজন যদি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম