images

লাইফস্টাইল

ঘাড়-কপালের কালচে ভাব দূর করুন ঈদের আগেই

লাইফস্টাইল ডেস্ক

০১ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

সামনেই আসছে ঈদ। উৎসবের এই উপলক্ষকে ঘিরে এখন থেকেই প্রস্তুতি সারছেন অনেকেই। খাবারদাবার, শপিং এর পাশাপাশি নিজের দিকেও একটু নজর দেওয়া জরুরি। ঘাড় আর কপালে অনেকেরই কালচে ছাপ হয়। রোদে পোড়া, ঘাম, জমে থাকা ময়লা কিংবা হরমোনের প্রভাবে এমনটা হতে পারে। ঈদে নিজেকে সুন্দর দেখাতে এখনই এসব দাগ দূর করে ফেলতে পারেন। তার জন্য প্রয়োজন কিছু ঘরোয়া প্যাক ব্যবহার। 

কোনো কোন মাস্ক বা প্যাক ব্যবহারে ঘাড় ও কপাল থেকে কালচে ভাব দূর করা সম্ভব, চলুন জেনে নিই- 

pack-1

বেসন-দই-হলুদের প্যাক

২ চামচ বেসন, ১ চামচ টক দই আর এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট বানান। ঘাড়ে ও মুখে এই প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। বেসন প্রাকৃতিক ক্লিনজার, যা মৃত কোষ তুলে দেয়। দইয়ের ল্যাকটিক অ্যাসিড হালকা এক্সফোলিয়েশন করে ত্বক উজ্জ্বল করে। হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান দাগ হালকা করতে সাহায্য করে।

আলুর রস ও লেবু

কাঁচা আলু কুরে রস বের করে নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এই পেস্ট তুলোয় লাগিয়ে মুখে আর ঘাড়ে লাগান। ১০–১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। আলুতে থাকা ক্যাটেকোলেজ এনজাইম ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। লেবুর ভিটামিন সি মেলানিন উৎপাদন কিছুটা কমাতে সহায়ক। তবে সংবেদনশীল ত্বক হলে লেবু কম ব্যবহার করুন।

gel

অ্যালোভেরা জেল ও ভিটামিন ই

অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। টাটকা পাতা কেটে জেল বের করে নিলে ভালো। সেই পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন। জেল নিজে থেকেই শুকিয়ে যাবে। অ্যালোভেরা ত্বক ঠান্ডা করে এবং রোদে পোড়া অংশ মেরামতে সাহায্য করে। ভিটামিন ই অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা ত্বকের ক্ষতি কমায় এবং ধীরে ধীরে রং সমান করতে সাহায্য করে। এই পেস্ট রাতে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। 

টমেটো ও মধুর মাস্ক

টমেটোর রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। টমেটোতে থাকা লাইকোপিন রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। মধু ত্বক ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এই মিশ্রণ মুখে আর ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেললেই হবে।

oats

ওটস ও দুধের স্ক্রাব-মাস্ক

গুঁড়ো করে নেওয়া ওটসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটি পেস্ট করে নিন। ওই পেস্ট মুখে লাগান। মিনিট ১০-১৫ রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। ওটস মৃদু স্ক্রাবের মতো কাজ করে, মৃত কোষ দূর করতে কার্যকরী। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বক মসৃণ করে এবং দাগ হালকা করতে সাহায্য করে।

এছাড়াও এই ধরনের সমস্যা থেকে বাঁচতে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ সূর্যের আলোই বাড়িয়ে দেয় পিগমেন্টেশন। সপ্তাহে ২–৩ দিন এসব মাস্ক ব্যবহার করলে ধীরে ধীরে ঘাড় ও কপালের কালো ছোপ কমবে। তবে যদি দাগ খুব গাঢ় হয় বা হঠাৎ বেড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এনএম