লাইফস্টাইল ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
দাঁতের ব্যথা কতটা যন্ত্রণাদায়ক তা যে ভোগে সেই বোঝে। অনেকসময় হঠাৎ তীব্র দাঁতের ব্যথা হলেও ডেন্টিস্টের কাছে যাওয়া সম্ভব হয় না। ব্যস্ততা, দূরত্ব কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চিকিৎসা পিছিয়ে যায়।
কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যা কাজে লাগিয়ে দাঁতে ব্যথা থেকে সাময়িক মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত-

দাঁতের তীব্র ব্যথা কমাতে পেয়ারা পাতা কার্যকর হতে পারে। এই পাতায় প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। কয়েকটি তাজা পেয়ারা পাতা ভালো করে ধুয়ে পানিতে ফুটিয়ে নিন। পানি কিছুটা ঠান্ডা হলে সেই পানি দিয়ে কুলি করে নিন। এতে দাঁতের ব্যথা যেমন কমতে পারে, তেমনই মাড়ির ফোলা বা সংক্রমণেও আরাম মিলতে পারে। দিনে ২–৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
লাউয়ের বীজের অংশ রসুনের সঙ্গে পানিতে ফুটিয়ে নিন। পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। এই কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁতের ব্যথায় দ্রুত উপশম মিলতে পারে। রসুনে অ্যান্টি-সেপটিক গুণ রয়েছে, যা জীবাণু নাশে সাহায্য করে এবং ব্যথা কমায়।

দাঁতের ব্যথা কমাতে কার্যকরী ঘরোয়া উপাদান পেঁয়াজ। একটি ছোট পেঁয়াজের টুকরো কেটে ব্যথাযুক্ত দাঁতের ওপর কিছুক্ষণ চেপে রাখুন। পেঁয়াজের প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে এবং ধীরে ধীরে ব্যথার উপশম হয়।
একটি লেবু চার টুকরো করে তার ওপর সামান্য লবণ ছড়িয়ে নিন। হালকা আঁচে গরম করে ব্যথাযুক্ত দাঁতের ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন। লেবুর ভিটামিন সি ও লবণের জীবাণুনাশক গুণ মিলে দাঁতের ব্যথা কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

তবে মনে রাখবেন, এসব উপায় কেবল সাময়িক স্বস্তি দেয়। দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা হলে অবশ্যই দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত ব্রাশ করা মুখের সঠিক পরিচর্যাই দাঁতের সুস্থতার আসল চাবিকাঠি।
এনএম