লাইফস্টাইল ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
চুলের যত্নে আমলকির ব্যবহার বেশ পুরনো। শরীর ভালো রাখতে অনেকেই তাই রোজ সকালে আমলকির রস খান। এতে আছে ভিটামিন সি, ট্যানিন, ক্যালশিয়ামের মতো উপকারি সব উপাদান। এসব উপাদান চুল পড়া কমানো, চুল কালো রাখা ইত্যাদিতে কার্যকরী ভূমিকা রাখে।
অনেকেই আমলকির তেল ব্যবহার করেন। কেউ কেউ হেয়ার মাস্কও ব্যবহার করে থাকেন। তবে আপনি যদি কম সময়ে লম্বা ঘন চুল চান তাহলে শুধু আমলকি যথেষ্ট নয়। এর সঙ্গে আরও কিছু উপাদান মেশাতে হবে।

আমলকির সঙ্গে কোন কোন উপাদান মেশালে চুল দ্রুত ঘন-লম্বা হয়? চলুন জানা যাক বিস্তারিত-
আমলকি যেমন চুলের জন্য উপকারি। তেমনি উপকারি অ্যালোভেরাও। অ্যালোভেরা জেল চুলে আর্দ্রতা জোগায় এবং স্ক্যাল্পের সমস্যা দূর করে। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। তাই আমলকি আর অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।

চুলের যত্নে আমলকির মতো উপকারি মেথি দানাও। এটি চুল পড়া কমায়, খুশকির সমস্যা দূর করে এবং চুলের গোড়া মজবুত করে। চাইলে আমলকি তেলে মেথি মেশাতে পারেন।
চুল পোক্ত করতে আমলকির রসের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এটি চুলে অতিরিক্ত আর্দ্রতা দেয়। ফলে চুলের গোড়া হয় মজবুত। চুলের আগা ফাটা সমস্যাও দূর করে ক্যাস্টর অয়েল।

আমলকি যেমন চুলের পড়া রোধ করে, তেমনই পেঁয়াজের রস বাড়ায় চুলের ঘনত্ব। চুল পাতলা হয়ে যাওয়া, মুঠো মুঠো চুল ওঠার মতো সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার। পেঁয়াজের রস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল পড়া প্রতিরোধ করে। তাই আমলকির সঙ্গে এই উপাদানটি মিশিয়ে ব্যবহার করতে পারেন।
চুলের সমস্যার সহজ সমাধান খুঁজলে আমলকির রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন। নারকেল তেল চুলের গোড়া মজবুত করা থেকে শুরু করে চুলের যাবতীয় সমস্যা দূর করে। মজবুত ও ঘন চুল পেতে আমলকির রসের সঙ্গে এই উপাদানটি মিশিয়ে মাখতে পারেন।
এনএম