images

লাইফস্টাইল

ধূমপান কি চুল পড়ার সমস্যা বাড়ায়?

লাইফস্টাইল ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একথা সবার জানা। এটি ফুসফুস-হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়ায়। কিন্তু ধূমপানের সঙ্গে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে? কেউ কেউ বলেন ধূমপান করলে চুল পড়ার হার বাড়ে। আবার কেউ কেউ বিষয়টিকে বানোয়াট মনে করেন। আসল সত্য কী? 

একাধিক গবেষণা অনুযায়ী, মাত্রাতিরিক্ত ধূমপান করলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত করা এসব সমীক্ষায় দেখা গেছে, ২০ থেকে ৪০ বছর বয়সী নারী ও পুরুষ, যারা অতিরিক্ত ধূমপান করেন, তাদের চুল পড়ে বেশি। এমনও দেখা গেছে, যারা দিনে ১০টি বা তার বেশি সিগারেট খান তাদের চুল তো পড়েই, চুলের স্বাস্থ্যও খারাপ হয়। 

smoking

ধূমপানের সঙ্গে চুল পড়ার সম্পর্ক কী?

‘জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি’-তে এই বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এতে গবেষকরা দাবি করেছেন, নিকোটিন রক্তে মিশে গিয়ে রক্তজালিকাগুলিকে সঙ্কুচিত করে দেয়। ফলে তার মধ্যে দিয়ে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাধা পায়। চুলের গোড়ায় প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ না হওয়ার কারণেই বাড়ে চুল পড়ার সমস্যা। চুলের গোড়া আলগা হতে শুরু করে।

সিগারেট-বিড়ির মূল উপাদানে আছে আর্সেনিক, অ্যামোনিয়া, ডিডিটি, অ্যাসিটোন, ক্যাডমিয়াম, নিকোটিন-সহ প্রায় ৭,০০০ বিষাক্ত জিনিস। এগুলো রক্তে মিশে গিয়ে শরীরের নানা অঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে বাধা তৈরি করে। ফলে বিষাক্ত রাসায়নিক জমতে জমতে তা টক্সিন তৈরি করে। এই টক্সিনের কারণেই শরীরে প্রদাহ বাড়ে। ত্বকের পিএইচের ভারসাম্যও বদলে যায়। কেবল চুল পড়া নয়, ত্বকের স্বাভাবিক জেল্লাও নষ্ট হতে থাকে।

hairfall1

তামাকের রাসায়নিক মাথার ত্বকের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ বাড়িয়ে তোলে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে।

‘ডার্মাটোলজি’ জার্নাল থেকে আরও একটি তথ্য জানা গেছে। তা হলো সিগারেটের রাসায়নিক শরীরে ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামক হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে টাক পড়ার সমস্যা বা ‘অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া’-র সমস্যা দেখা দিতে পারে।

hairfall2

সিগারেট ছাড়া সহজ নয়। তবুও স্বাস্থ্যের কথা ভেবে এর বিকল্প ভাবতেই পারেন। যেমন ধূমপানের ইচ্ছে জাগলে ভেষজ চায়ে চুমুক দিতে পারেন। অশ্বগন্ধা নামক ভেষজের গুঁড়ো দিয়ে তৈরি চা খাওয়ার অভ্যাস করুন। এটি ধূমপানের নেশা ছাড়তে সাহায্য করে। পাশাপাশি, ধূমপানের ইচ্ছা হলে মুখে কিছুটা আদা কুচি বা শুকনো আমলকি অথবা জোয়ান রাখতে পারেন। এতেও কাজ হবে। 

এনএম