লাইফস্টাইল ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম
মাথার ত্বক পরিষ্কার রাখার অন্যতম কার্যকরী উপাদান শ্যাম্পু। চুলের যত্নে যেমন তেল দিতে হয়, তেমনই ২/৩ দিন পর পর শ্যাম্পুও করতে হবে। সমস্যা হলো বাজারে যেসব শ্যাম্পু পাওয়া সেসবে নানারকম রাসায়নিক থাকে। যা মাথার ত্বকের পিএইচের সমতা নষ্ট করে দেয়। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শ্যাম্পু ব্যবহার করলে সেই ভয় আর থাকে না। চুলের যত্নে উপকারি তিনটি ভেষজ রিঠা, আমলকি, শিকাকাই। চাইলে এই তিনটি উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক শ্যাম্পু। কীভাবে তৈরি করবেন চলুন জেনে নিই-

উপকরণ
রিঠা- ৫/৬টি
শিকাকাই- ৬/৭টি
আমলকি- ৩/৪টি

যেভাবে তৈরি করবেন
প্রথমে পাত্রে পানি নিয়ে তার মধ্যে তিনটি উপাদান ভিজিয়ে রাখুন। অন্তত ১০ ঘণ্টা ভিজিয়ে রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখাই ভালো।
পরেরদিন ভেজানো রিঠা, আমলকি ও শিকাকাইয়ের মিশ্রণ ভালো করে ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিন বেশ কিছুক্ষণ।
স্বাভাবিক তাপমাত্রায় এলে মিশ্রণ থেকে রিঠা, আমলকি ও শিকাকাই ছেঁকে আলাদা করে নিন। এবার ব্লেন্ডারে ওই অবশিষ্টাংশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এই মিশ্রণ আবার ওই তরলের সঙ্গে আরও একবার মিশিয়ে নিন।

এবার অন্য একটি পাত্রের উপর পাতলা সুতির কাপড় বিছিয়ে নিন। কাপড়ের ওপর মিশ্রণ ঢেলে ছেঁকে নিলেই শ্যাম্পু তৈরি হয়ে যাবে।
পরিষ্কার, কাচের পাত্রে এই মিশ্রণ ঢেলে রাখতে পারবেন। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে সপ্তাহ দুয়েক পর্যন্ত এই প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করা যায়।