লাইফস্টাইল ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১২:০৫ পিএম
দুঃখ পেলে আমরা কাঁদি। সাময়িকভাবে ঝাপসা হয়ে যায় দৃষ্টিশক্তি। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এমন কি কখনো হয়েছে যে কর্মব্যস্ত দিনের শেষে হঠাৎ দুচোখ ঝাপসা হয়ে এসেছে? মানসিক চাপ কিংবা কোনো উত্তেজনা থেকে কি চোখের সমস্যা হতে পারে?
চোখের চিকিৎসকদের মতে, মনের সঙ্গে চোখের নিবিড় সম্পর্ক রয়েছে। তাইতো মনে আঘাত পেলে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এমনকি ভয়, অবসাদ, উদ্বেগ, একাকীত্বও চোখের স্নায়ুর ওপর চাপ ফেলতে পারে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে দৃষ্টিশক্তি হারানোর ভয়ও থাকে।

মানসিক চাপ বা উদ্বেগ কীভাবে চোখের ক্ষতি করে?
ঘুম কম হলে, কাঁদলে কিংবা মনখারাপ থাকলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে যায়। তখন চোখের পলক ফেলতেও বেশ কষ্ট হয়। রাগ, আনন্দ কিংবা অতিরিক্ত উত্তেজনাও চোখের ওপর চাপ ফেলতে পারে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে চোখে প্রদাহজনিত সমস্যাও দীর্ঘায়িত হয়। যা একসময় অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে।
মানসিক চাপের কারণে চোখে কেমন সমস্যা দেখা দিতে পারে?
ড্রাই আইজ
মানসিক চাপ থেকে ড্রাই আইজ বা শুষ্ক চোখের সমস্যা দেখা দিতে পারে। এর নেপথ্যে কর্টিসল হরমোনের যথেষ্ট ভূমিকা রয়েছে। চোখের পেশির ওপর অতিরিক্ত চাপ পড়লে ঝাপসা হয়ে যেতে পারে দৃষ্টিশক্তিও।

অপটিক নিউরোপ্যাথি
দীর্ঘ দিন ধরে মানসিক স্থিতি বিঘ্নিত হলে চোখে প্রদাহজনিত সমস্যা বৃদ্ধি পায়। এটি ‘অপটিক নিউরোপ্যাথি’র মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে।
দৃষ্টিশক্তি হারানো
মনঃকষ্ট থেকে স্নায়ুর ওপর চাপ পড়ে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে চোখের স্নায়ুরও ক্ষতি হয়। যার কারণে দৃষ্টিশক্তি চিরতরে চলে যেতে পারে।

এছাড়াও মানসিক চাপের কারণে চোখের গ্লকোমা, বয়সজনিত চোখের সমস্যা দেখা দেওয়াও অস্বাভাবিক নয়।
এনএম