Dhaka Mail Logo

লাইফস্টাইল

করোনার টিকাই কি হার্ট অ্যাটাক বৃদ্ধির কারণ? জানালেন বিখ্যাত চিকিৎসক

লাইফস্টাইল ডেস্ক

২৩ জুন ২০২৪, ০৪:১০ পিএম

গত কয়েকবছরে হার্ট অ্যাটাকের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে বলে মনে করেন অনেকে। রোজই খবরের পাতায় নানাজনের হার্ট অ্যাটাক বা এই কারণে মৃত্যুর খবর পাওয়া যায়। অনেকেই এর জন্য দায়ী করছেন করোনার ভ্যাকসিনকে। এই সন্দেহ কতটা সঠিক? কী বলছেন চিকিৎসকরা?  

সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন ভারতের অন্যতম নামজাদা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। ভারতীয় গণমাধ্যম এএনআই এর এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, করোনার টিকার সঙ্গে হার্ট অ্যাটাকের মাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কি না। 

devi

দেবী শেট্টির মতে, করোনা এবং করোনার ভ্যাকসিন আসার অনেক আগে থেকেই হার্ট অ্যাটাকের মাত্রা বেড়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়তো এখন বিষয়টি সবার দৃষ্টিতে এসেছে। এর মানে এই নয় যে, করোনার আগে হার্ট অ্যাটাক তেমন হতো না। 

স্পষ্ট করে না বললেও এই বিশেষজ্ঞ চিকিৎসকের মতে করোনার টিকার সঙ্গে হার্ট অ্যাটাকের তেমন সম্পর্ক নেই। তবে একটি বিষয়ে তিনি মানুষকে সচেতন করেছেন। সেটি হলো দূষণ। 

corona2

দেবী শেট্টি বলেন, ‘জাপানের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখেছি, হার্ট একদম শিশুদের হার্টের মতো তরতাজা। কেননা জাপানে দূষণের মাত্রা কম। কিন্তু ভারতে প্রাপ্ত বয়স্ক মানেই হার্টে কালো কালো ছোপ। এর সঙ্গে ধূমপান এবং দূষণের সম্পর্ক রয়েছে।’

যেসব স্থানে দূষণের মাত্রা বেশি, সেসব জায়গায় হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ছে বলে মনে করেন তিনি। বিপদ এড়াতে নিয়মিত হার্টের পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার উপরে জোর দিয়েছেন এই চিকিৎসক। 

corona3

হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার নামজাদা হৃদরোগ-বিশেষজ্ঞ সরোজ মণ্ডলও একই ধরনের কথাই বলেছিলেন। তিনিও মনে করেন, করোনা টিকার সঙ্গে প্রত্যক্ষভাবে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার সম্পর্ক নেই। যদি ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটে এবং তা থেকে হার্ট অ্যাটাক হয়— তাহলে এত দিন পরে এমনটা ঘটনা ঘটত না। 

এই চিকিৎসক হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার পেছনে দায়ী করেন মানসিক চাপে। অর্থাৎ দুজনের কথার সারমর্ম মিলিয়ে বলা যায়, করোনার টিকা নয় বরং পরিবেশের দূষণ, কাজের চাপ আর অস্বাস্থ্যকর জীবনযাপনই হার্ট অ্যাটাকের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 

এনএম