লাইফস্টাইল ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম
খাবারের স্বাদ বাড়াতে নানা রকম মশলা ব্যবহার করা হয়। তবে কেবল স্বাদ নয়, প্রতিটি মশলার রয়েছে আলাদা আলাদা গুণ। অনেকে বিভিন্ন রকম পানীয়তে দারুচিনি মিশিয়ে খান। কেউ কেউ চায়ের মধ্যেও এই মশলা মিশিয়ে নেন।
পুষ্টিবিদরা বলছেন, অন্যান্য মশলার চাইতে দারুচিনি নারীদের জন্য বিশেষ উপকারি। কেননা নারীদের বেশ কিছু শারীরিক জটিলতা দূর করতে সাহায্য করে এটি। চলুন জেনে নিই বিস্তারিত-

ঋতুচক্র স্বাভাবিক রাখে
ঋতুচক্র স্বাভাবিক রাখতে হরমোনের সমতা বজায় রাখা জরুরি। এই কাজে সাহায্য করে দারুচিনি। ডিটক্স ওয়াটার, স্মুদির মধ্যে সামান্য দারুচিনি মিশিয়ে নিন। এতে অনিয়মিত ঋতুস্রাব, পেটে যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাতের মতো সমস্যা নিরাময় হতে পারে।
আরও পড়ুন- ওজন কমাতে যেভাবে দারুচিনি খাবেন
পিসিওএস নিয়ন্ত্রণ করে
অনিয়ন্ত্রিত জীবনধারা, হরমোনের ওঠা-নামা ইত্যাদি কারণে অনেক নারীই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) এর সমস্যায় ভোগেন। এই সমস্যা থাকলে স্বাভাবিক ঋতুচক্র ব্যাহত হয়। পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে দারুচিনি। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য ঠিক থাকলে পিসিওএস-এর সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে
শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ, উৎপাদন ও কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি। রক্তে হঠাৎ শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে এই মশলাটির জুড়ি মেলা ভার। ডায়াবেটিস বশে রাখতে পারলে অনেক রোগের আশঙ্কাই এড়িয়ে চলা যায়।
ওজন কমায়
মিষ্টি খাওয়ার প্রবণতার কারণে কিছুতেই ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না? বিপাকহার উন্নত করা থেকে শুরু করে রক্তে শর্করার হেরফের— সবই নিয়ন্ত্রণ করতে পারে এক চিমটি দারুচিনি। পুষ্টিবিদেরা বলেন, শরীরচর্চা এবং ডায়েটের পাশাপাশি— দারচিনি দেওয়া জল খেলেও এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

হার্ট ভালো রাখে
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। নিয়মিত দারুচিনি খেলে এই ঝুঁকি কমতে পারে। এই মশলায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা সামগ্রিকভাবে হার্ট ভালো রাখে। পাশাপাশি এটি হার্টের প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
এনএম