লাইফস্টাইল ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
সন্তানের মা-বাবা হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিক খেয়াল রাখতে হয় স্বামী-স্ত্রী দুজনকেই। সন্তানকে ধারণ না করলেও হবু বাবাকে থাকতে হয় নানা চিন্তায়। সঙ্গী মা হচ্ছেন। নানা টানাপড়েন তো সামলাতেই হচ্ছে। ঘরে নতুন অতিথি আসার উত্তেজনা, সঙ্গীর যত্নআত্তি, চিকিৎসা, মুড সুইং সব দিক খেয়াল রাখতে হচ্ছে।
চিকিৎসকদের মতে, সুস্থ সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে মা ও বাবা দুজনেরই ভূমিকা রয়েছে। আর হবু মাকে ভালো রাখার দায়িত্ব পড়ে হবু বাবার কাঁধেই। তাই প্রথমবার বাবা হওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নিই বিস্তারিত-

সঙ্গীর চাওয়ায় খেয়াল রাখুন
গর্ভকালীন নারীদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হয়। এসময় তাদের মন-মেজাজ প্রায়ই বিগড়ে যায়। কর্মস্থল, পারিবারিক নানা বিষয় সামলে সঙ্গীর মেজাজের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবুও তার সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখা আপনার দায়িত্ব। তার মন খারাপের সঙ্গী হোন, মন ভালো রাখার চেষ্টা করুন।
আরও পড়ুন- সন্তানধারণ করতে চাইলে বদল আনুন ৫ অভ্যাসে
ধৈর্যশক্তি বাড়িয়ে তুলুন
সবদিক সামলাতে গিয়ে অল্পতে রেগে যাওয়া, হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হবু বাবার জীবনেও আসতে পারে। সঙ্গীর মনেও এটি প্রভাব ফেলতে পারে। তাই নিজের ধৈর্যশক্তি বাড়ান। যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

গর্ভধারণ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন
সন্তানকে স্ত্রী গর্ভে ধারণ করলেও হবু বাবা হিসেবে আপনার দায়িত্বও কম নয়। তাই গর্ভধারণ থেকে সন্তানের জন্ম— সব বিষয়ের খুঁটিনাটি জেনে রাখুন। তাতে সঙ্গীর গর্ভধারণ যাত্রা সহজ হবে।
জীবনধারায় পরিবর্তন আনুন
সন্তানধারণ করেন নারীরা। একইসঙ্গে সন্তান জন্ম দেওয়ার আনন্দ ও কষ্ট সহ্য করার অভিজ্ঞতা পুরুষদের হয় না। সন্তানকে সুস্থভাবে বড় করে তুলতে হবু বাবাদের জীবনধারায় পরিবর্তন আনা জরুরি।

নতুন বাবাদের সঙ্গে বন্ধুত্ব করুন
প্রথমবার বাবা হওয়ার উত্তেজনা সবার মধ্যেই থাকে। নিজের ঔরসজাতকে স্পর্শ করার আগে বন্ধুদের থেকে পরামর্শ নিয়ে রাখতে পারেন। সামাজিক মাধ্যমে এসম্পর্কিত নানা গ্রুপ থাকে। প্রয়োজনে নতুন বাবাদের গ্রুপে যোগ দিন। অনেককিছু জানতে পারবেন।
এনএম