লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ০৩:৪৭ পিএম
প্রতিনিয়ত বিষাক্ত হয়ে উঠছে বায়ু। এর কারণ বায়ু দূষণ। গাড়ির জ্বালানি থেকে শুরু করে অফিস বা বাসার এসি। বায়ু দূষণের জন্য দায়ী অনেক কিছুই ব্যবহার করি আমরা। এমনকি কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত ওয়াশিং মেশিনও দূষিত করছে বায়ু। এমনটাই দাবি করেছেন একদল গবেষক।
নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণা করেছেন। এতে সাহায্য করেছে বহুজাতিক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল। গবেষক দলের দাবি, ওয়াশিং মেশিনের কারণে পরিবেশন দূষিত হয়।
বিজ্ঞানীদের মতে, ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় শুকানোর সময় বায়ুতে দ্রুত মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ে। যা পরিবেশ দূষিত করে। যেসব ওয়াশিং মেশিন তাপ উৎপন্ন না করে কেবল ঘূর্ণনের মাধ্যমে কাপড় শুকায়, তাতে বেশি বেশি মাইক্রোফাইবার ছড়ায়।
এই মাইক্রোফাইবার কেবল বাতাসে নয়, পানিতেও মিশে যায়। তাহলে উপায়? গবেষক দল জানিয়েছেন, ফেব্রিক কন্ডিশনার এবং ড্রায়ার শিট ব্যবহার করলে মাইক্রোফাইবারের পরিমাণ অনেক কমে যায়।
বিষয়টিকে আশঙ্কার মনে করেছে গবেষক দল। তারা মনে করেন, ওয়াশিং মেশিন তৈরি করে যে সংস্থাগুলো তাদের দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন আনা উচিত।
এনএম