Dhaka Mail Logo

আইন-আদালত

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা: রুহুল কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

গুম, খুন, নির্যাতন ও লাশ গুমের মতো অপরাধের ভয়াবহতার তুলনায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের সাজা অতি সামান্য বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেছেন, ‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা। এসব অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্কে সাজা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেসবের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই এসব জীবন ফিরিয়ে দিতে পারবে না। তবুও অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি।’

শাস্তির প্রসঙ্গে প্রখ্যাত আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসের উদ্ধৃত টেনে তিনি বলেন, ‘প্রখ্যাত আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসও শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার বলে জানিয়েছেন। অন্যথায় সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করছে না বলে ধরে নেওয়া যেতে পারে। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ‘অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’

তিনি আরও বলেন, ‘সভ্যতা ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। এসব সীমাবদ্ধতা স্বীকার করেই আইন সর্বোচ্চ যে শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের প্রতি আমরা আবেদন জানাই। একইসঙ্গে মামলায় আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন করছি।’

সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে সব অভিযোগের অপরাধ প্রমাণ করতে প্রসিকিউশন সক্ষম হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ মামলায় মানবতাবিরোধী অপরাধগুলোর প্রয়োজনীয় উপাদানও প্রমাণ করা হয়েছে। এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামিকে দোষী সাব্যস্ত করা সম্ভব।’

যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করে জিয়াউলকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন রুহুল কুদ্দুস কাজল।

এ সময় জিয়াউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করেন তিনি।

এমএইচএইচ/এএম