Dhaka Mail Logo

আইন-আদালত

নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় আপিল শুনানি দ্বিতীয় দিনে

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিদের করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হয়। এর আগে বুধবার প্রথম দিনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন।

দুটি মামলার বিচার একসঙ্গে শেষ করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত নূর হোসেন ও র‍্যাবের বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ২২ মে থেকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়ে ৩৩ কার্যদিবসে শেষ হয়।

২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায়ে ২৬ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৯ আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল রাখেন।

এমএইচএইচ/এমআর