নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে পাওয়া তথ্য যাচাই, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য এ রিমান্ড চাওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি পাঁচটি কারণ উল্লেখ করেন।
যে পাঁচ কারণে রিমান্ড আবেদন
রিমান্ড আবেদনে উল্লেখ করা পাঁচটি কারণ হলো—
১. সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা।
২. তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি শনাক্ত এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা।
৩. মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের অবস্থান শনাক্ত করা।
৪. মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা।
৫. মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেফতার করা।
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
যেভাবে হত্যা করা হয় মোতালেবকে
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নামও রয়েছে।
যে রাজনৈতিক পরিচয় সাঈদ খোকনের
অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদ খোকন।
এআর