Dhaka Mail Logo

আইন-আদালত

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী সাহা। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য তাঁর নেই। তিনি অসুস্থ ও বয়স্ক। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত বুধবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

যেভাবে হত্যা করা হয় সাদিকুলকে

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালানো হয়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

এআর