Dhaka Mail Logo

আইন-আদালত

যুবদলের নয়ন কর্তৃক আইনজীবীকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। 

একই ঘটনার প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) দেশব্যাপী সব আইনজীবী সমিতিতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চললে ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। 

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আকন্দ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক করা না হলে বুধবার দেশের সব আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করবেন। প্রয়োজনে ছাত্র-জনতাও সন্ত্রাসীদের আটকের দাবিতে রাজপথে নামবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন অভিযোগ করেন, সোমবার সুপ্রিম কোর্টে নিজের চেম্বারের কাজ শেষে বাসায় ফেরার পথে অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। এ সময় তিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা তাকে মারধর করতে করতে আজিমপুরে নয়নের একটি টর্চার সেলে নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, সেখানে নয়নের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। বর্তমানে রঞ্জু পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে ফ্যাসিবাদের আলামত উল্লেখ করে হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের মতো বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতারা একই ধরনের কর্মকাণ্ড করলে তারাও ফ্যাসিবাদী হিসেবে নিজেদের পরিচয় প্রকাশ করবে।

সমাবেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু কোনো অপরাধ করে থাকলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা এ কাজ করেছে, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে।

তিনি বলেন, আইনের চোখে সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। হামলার নিন্দা জানিয়ে তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট পারভেজ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল হক, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অ্যাডভোকেট মাহবুবা আক্তার রুবি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট ইসমত জাহান, অ্যাডভোকেট মীর নুর নবী উজ্জল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট হিমেল।

এ সময় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার সদস্যসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

টিএই/এএইচ