নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ এএম
শব্দ দূষণ রোধে আতশবাজি ও হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা জনস্বার্থমূলক এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আদেশ দেন।
রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে নীরব এলাকাসমূহে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, নীরব এলাকাসমূহের ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি ও বিশেষ বার্তার (যেমন, এসএমএস) মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক ও শব্দদূষণ সৃষ্টির সম্ভাব্য অন্য ব্যক্তিদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পাশাপাশি আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ব্যবস্থা প্রবর্তন করা (যেমন, হটলাইন নম্বর চালু) এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে জনসচেতনতা সৃষ্টির নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতি ৩ মাস অন্তর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চতুর্দিকের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা; সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাসমূহকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
/এএস