Dhaka Mail Logo

আইন-আদালত

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত নট প্রেস রিজেক্টেড করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট দায়ের করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের উপসচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনে ২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষার পরিবর্তে আগের লটারি পদ্ধতি চালু রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করা হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকবে।

এআর