নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে আদালতে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। কাউসারকে কাঠগড়ায় হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। কনস্টেবল আরাফাত তার কাস্টডি আনতে আদালতের সামনে গেলে সেই সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
মঙ্গলবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, আগামী ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণখান দক্ষিণপাড়া এলাকায় বাথরুমে ছুরিকাঘাতে খুন হন আলো আক্তার। পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তের পর ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে আলো তাকে এড়িয়ে চলছিলেন। তিনি জানতে পারেন, আলো অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আলোর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সাড়া দিচ্ছিলেন না।
কাউসারের জবানবন্দি অনুযায়ী, ২০ জুলাই রাত ৯টার দিকে আলো ঘর থেকে বের হয়ে বাথরুমে যান। পরে বালতি আনতে ঘরে ফেরার পথে তাকে আটকে কথা বলতে চান কাউসার। আলো কথা বলতে রাজি না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেন তিনি।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এ পর্যন্ত মামলায় আলোর বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন। গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন কাউসার।
এআর