Dhaka Mail Logo

আইন-আদালত

মাদরাসায় হামলা ও ভাঙচুর: সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর, শিক্ষককে মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁকে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।

গত ২৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়। মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে ওই মাদরাসার সাত বছর বয়সী এক ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মুসলেম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গত রোববার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক।

ঘটনাটি নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে কারাগারেও পাঠানো হয়েছে। অন্যদিকে মাদরাসা ভাঙচুর, টাকা লুট ও শিক্ষককে মারধরের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষ ওই অভিভাবকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআর