Dhaka Mail Logo

আইন-আদালত

আমু-শাজাহানসহ ৭ আ.লীগ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দফতরে এ অভিযোগ জমা দেওয়া হয়।

আমির হোসেন আমু ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ছাড়া মামলার অপর পাঁচ আসামি হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

প্রসিকিউশন সূত্র জানায়, তদন্ত সংস্থার দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হলো।

অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে নীতিনির্ধারণী পর্যায়ে এসব নেতার সরাসরি ভূমিকা ছিল। তারা ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং তা কার্যকর করে হত্যাযজ্ঞ ও সশস্ত্র হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

এর মধ্য দিয়ে তারা হামলা ও উসকানিসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তা করেছেন বলে প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরএনবি/এসআই