নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম
জুলাই আন্দোলন চলাকালে রাজশাহীতে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মঈনুল করিম। ট্রাইব্যুনালকে তিনি জানান, এ মামলায় মোট আসামি ৩৮ জন। এর মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি ৩৪ জন পলাতক। পলাতক আসামিদের আত্মসমর্পণে গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে আসামিরা হাজির না হওয়ায় তাদের পলাতক ঘোষণা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এদিন শুনানির শুরুতে গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।
মামলায় খায়রুজ্জামান লিটন ছাড়া পলাতক অপর ৩৩ আসামি হলেন- বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নূর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির ও শফিকুজ্জামান ওরফে শফিক।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে গুলিতে নিহত হন আনজুম সাকিব। এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
গত ৩০ জুলাই এ মামলায় ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা পরবর্তীতে ১৮ আগস্ট আমলে নেন ট্রাইব্যুনাল-২।
আরএনবি/এসআই