Dhaka Mail Logo

আইন-আদালত

লক্ষ্মীপুরের ৫ হত্যার তদন্ত প্রতিবেদনে ট্রাইব্যুনালের আরও এক মাস সময়

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

জুলাই আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ নভেম্বর নতুন দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি ট্রাইব্যুনালকে জানান, এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে আরও এক মাস সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে এ মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, একই উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ এবং অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

আরএনবি/এএম