Dhaka Mail Logo

আইন-আদালত

শ্যামল, মোজাম্মেল ও রূপার তদন্ত প্রতিবেদন জমার সময় ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার তিন আসামি হলেন— ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।

আদালতে প্রসিকিউশনের পক্ষে দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
শুনানিতে তিনি বলেন, ‘এ মামলায় তিনজন আসামিই গ্রেফতার আছেন এবং তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় প্রয়োজন।’

পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আগামী ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গত ২৪ আগস্ট তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। সে অনুযায়ী সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন। 

এর সূত্র ধরেই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন এবং পরবর্তীতে জুলাই-আগস্টে দেশজুড়ে ব্যাপক দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

আরএনবি/এএইচ