Dhaka Mail Logo

আইন-আদালত

গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থপাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের মোট ১২ বছর কারাগারে থাকতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

রায়ে আরও বলা হয়েছে, নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে সেবা রফতানির আড়ালে ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ মার্চ মহিউদ্দিন মজুমদার ও অভিউর রহমান খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহাম্মদ। 

পরে গত ৬ আগস্ট দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মামলাটিতে আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এম/এএইচ