নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
২০১৩ সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপার পক্ষে যুক্তরাজ্যের দুজন আইনজীবীকে লড়তে দিতে অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার কাউন্সিলের সচিব বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।
ফারজানা রুপার আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ আবেদনের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলা পরিচালনার জন্য যুক্তরাজ্যের খ্যাতনামা ‘ডাউটি স্ট্রিট চেম্বারস’-এর দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি এবং নিকিলা কৌশিককে নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে। এর আগে গত ১ অক্টোবর তারা নিজেরাই ইমেইলের মাধ্যমে বার কাউন্সিলে এ বিষয়ে আবেদন পাঠিয়েছিলেন।
বার কাউন্সিলে জমা দেওয়া আবেদনে আইনের বিধান তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দিতে পারেন। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এ ধরনের অনুমতি আটকে রাখা যাবে না। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের দাঁড়ানোর ক্ষেত্রে বার কাউন্সিলের অনাপত্তি আবশ্যক একটি পূর্বশর্ত।
মামলার বিচারিক কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে উল্লেখ করে আবেদনে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে এই দুই বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া প্রয়োজন। আবেদনের সঙ্গে ফারজানা রুপার দেওয়া ওকালতনামা এবং ব্রিটিশ দুই আইনজীবীর পাঠানো আবেদন ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে।
কে এই দুই ব্রিটিশ আইনজীবী
আবেদনের সঙ্গে সংযুক্ত জীবনবৃত্তান্ত অনুযায়ী, জোনাথন প্রাইস কেসি মানহানি ও ব্যক্তিগত গোপনীয়তা আইন বিষয়ের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ। তিনি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গণমাধ্যম সংক্রান্ত মামলার প্রথম পক্ষ ও আপিল উভয় পর্যায়েই নিয়মিত শুনানিতে অংশ নেন। এছাড়া ইউরোপীয় মানবাধিকার আদালতে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতিসংঘ ও ওইসিডি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের পক্ষে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে নিকিলা কৌশিক মূলত পাবলিক আন্তর্জাতিক আইন, গণমাধ্যম ও তথ্য আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইনের বিশেষজ্ঞ। তিনি বিভিন্ন রাষ্ট্র, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) পক্ষে জটিল ও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে থাকেন। আন্তর্জাতিক চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা, আন্তর্জাতিক মানবিক আইন এবং রাষ্ট্রের সার্বভৌম মর্যাদা ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নিকিলা যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেলের ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল সি প্যানেল অব জুনিয়র কাউন্সিল’-এর সদস্য।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে অভিযানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক ফারজানা রুপা।
আগামী ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের (চার্জ হেয়ারিং) শুনানির দিন ধার্য রয়েছে।
আরএনবি/এএইচ