নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
বিদেশযাত্রায় বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে করা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা মুক্তার রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদনকারীর আইনজীবী আবেদনটি আর পরিচালনা করতে চান না বলে জানানোর পর আদালত ‘নট প্রেসড’ হিসেবে আবেদনটি খারিজ করেন।
হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চের বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি ইফতেখার উদ্দিন মাহমুদ এ আদেশ দেন। ওই দিনের কার্যতালিকার চার নম্বর ক্রমিকে আবেদনটির আদেশের জন্য নির্ধারিত ছিল।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, বিদেশযাত্রার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সে নির্দেশনা চেয়ে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেছিলেন গুলশান আরা মুক্তা।
তবে আবেদনটি আদেশের জন্য আদালতে উঠলে গুলশান আরার আইনজীবী একটি পরবর্তী ঘটনার কথা উল্লেখ করে জানান, আবেদনকারী ইতিমধ্যে একটি নির্দিষ্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
রুহুল কুদ্দুস কাজলের ভাষ্য অনুযায়ী, গুলশান আরা মুক্তা পুলিশ হেফাজতে থাকায় তারা বিদেশযাত্রাসংক্রান্ত আবেদনটি আর পরিচালনা করতে চান না বলে আদালতকে জানান আইনজীবী। এরপর আবেদনকারী পক্ষের বক্তব্যের ভিত্তিতে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।
রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা বলেন, আবেদনকারী পক্ষ নিজেরাই গ্রেফতারের তথ্য উপস্থাপন করে আবেদনটি আর না চালানোর কথা জানায়। ফলে বিদেশযাত্রার বিধিনিষেধসংক্রান্ত তাদের মূল যুক্তিগুলো আদালতে শুনানির সুযোগ আসেনি। আবেদনকারীরা নিজেরাই আবেদনটি প্রত্যাহার করে নেওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন।
এর আগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে জানানো হয়, সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেফতার করা হয়।
পরে সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেফতার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
সোমবার (১২ অক্টোবর) তাদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নি.) শেখ বশির আহমেদ। তিনি আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরএনবি/এআর