Dhaka Mail Logo

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন গাজী নজরুলের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, গাজী নজরুল সম্পূর্ণ নির্দোষ। এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জটিল হৃদ্‌রোগে ভুগছেন। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি আত্মগোপন করবেন না বা এলাকা ছেড়ে যাবেন না। এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর তার প্রথম স্ত্রী আপসের শর্তে জামিন পেয়েছেন। এসব কারণে গাজী নজরুলও জামিন পাওয়ার হকদার বলে দাবি করেন তার আইনজীবীরা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীত দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

পরে একই রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

পরদিন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে ২৩ সেপ্টেম্বর এ মামলায় গ্রেফতার অপর আসামি ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এআর