নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
ঢাকার মিরপুর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় জামিন পেলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।
তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার পর অভিযুক্তের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এ সময় তারা প্রকল্প এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর চালায়।
ঘটনার পর প্রকল্পের একজন কর্মকর্তা বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এআর