Dhaka Mail Logo

আইন-আদালত

প্রিজনভ্যানের দরজাতেই হেলমেট ছুড়ে ফেললেন মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

প্রিজনভ্যান থেকে নামার সময় মাথায় থাকা নিরাপত্তা হেলমেট খুলে ছুড়ে ফেললেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয় আখতারুজ্জামানকে। এরপর প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়।

প্রিজনভ্যান থেকে নামানো সময় দরজায় দাঁড়িয়েই হেলমেট পড়ায় আপত্তি জানান তিনি। বলেন, ‘আমি হেলমেট পড়বো না। আমাকে অন্যায়ভাবে-অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগ না। হালের হেলমেট এখন আওয়ামী লীগের ফ্যাশন হয়েছে। আমাকে হাতকড়া পরান।’ পরে দায়িত্বরত পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পড়ান।

এরপর প্রিজনভ্যান থেকে নিচে নামার সময় দরজাতেই হাতপড়া পড়ানো দুই হাত দিয়ে হেলমেট খুলে ছুড়ে ফেলেন আখতারুজ্জামান।

akter-dm-2পুলিশ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের নামে মামলা করা হয়।

পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

akter-dm-3মেজর (অব.) আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান। এরপর ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করে পরাজিত হন তিনি।

আখতারুজ্জামান একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি আখতারুজ্জামানকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন সময় সমসাময়িক ইস্যু নিয়ে টক শো বা সামাজিক মাধ্যমে কথা বলে আলোচনায় ছিলেন তিনি। এমন অবস্থার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান।

এমআর