নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
ফলে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। আদেশের পর তিনি বলেন, ‘গত বছরের ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট দীপংকর তালুকদারকে জামিন দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ শুনানির তালিকায় ৮০ নম্বরে ছিল। চেম্বার আদালত তাতে ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের জামিনই বহাল রইল।’
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর পৃথক থানায় করা তিনটি হত্যাচেষ্টা মামলায় দীপংকর তালুকদারকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের পর তার মুক্তির পথ তৈরি হলেও রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে তা আটকে যায়।
বৃহস্পতিবার একটি মামলায় চেম্বার আদালতের আদেশের পর পৃথক দুটি মামলায় শুনানির অপেক্ষায় রয়েছেন বলে জানান আইনজীবী অনাবিল আনন্দ রায়।
২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর পল্টন, ভাটারা, বংশাল ও শাহবাগ থানার মোট পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।
আইনজীবী জানান, ওই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। পরে গত ৩০ মে নতুন করে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে ‘শোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার) দেখানো হয়।
সে সময় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন।
পরে এই তিন মামলাতেই (ভাটারা থানার ৪৬ নম্বর, পল্টন থানার ৩৯ নম্বর এবং বংশাল থানার ১০ নম্বর মামলা) হাইকোর্ট থেকে জামিন পান সাবেক এই প্রতিমন্ত্রী, যার মধ্যে ভাটারা থানার মামলাটির জামিন বৃহস্পতিবার চেম্বার আদালতে বহাল রইল। বর্তমানে তিনি কারাগারেই আছেন।
রাঙামাটি আসন থেকে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরএনবি/এসআই