Dhaka Mail Logo

আইন-আদালত

ঋণখেলাপি সিরাজুলকে তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম

বোর্ডের অনুমতি ছাড়াই এইচ বি এম ইকবালের শেয়ার হস্তান্তর করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালমা সুলতানা এই আবেদনের তথ্য নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সিরাজুল মোল্লার এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেয়।

একইসঙ্গে তাকে কেন ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সংশ্লিষ্টরা জানান, বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন স্থগিত করার নজির প্রায় নেই বললেই চলে। তবে অবকাশকালীন ছুটির সময় হাইকোর্টের ওই বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগেও ভিন্ন নামে এই সিআইবি প্রতিবেদন স্থগিত করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সিরাজুল মোল্লা।

আরএনবি/এফএ