নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আসামিপক্ষের আপস-মীমাংসা হয়েছে। এর প্রেক্ষিতে গ্রেফতার এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দিয়েছে আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার জামিন শুনানিকালে আসামিপক্ষ ও নিহতের পরিবারের মধ্যে আপস-মীমাংসা হওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়।
মামলার বাদী ও নিহতের বাবা মো. মাসুম বিল্লাহ আদালতকে জানান, এ মামলায় এমপি গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।
সেদিন ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় এমপি নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের রাতেই পুলিশ এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে গ্রেফতার করে।
আরএনবি/এএস