Dhaka Mail Logo

আইন-আদালত

খাল দখল ও অবৈধ মাছ চাষ বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

সরকারি খাল দখল, পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি এবং অনুমোদনহীনভাবে মাছ চাষ বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনস্বার্থে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (এমওএসইউএস)-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া এ নোটিশ পাঠান।

স্থানীয় সরকার, পরিবেশ ও বন, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ২৬ জনকে এই নোটিশে বিবাদী করা হয়েছে।

বিবাদীদের তালিকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা উত্তর ও দক্ষিণ, কুমিল্লা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক এবং ঢাকাসহ দেশের সব বিভাগীয় কমিশনার রয়েছেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি ও জনসাধারণের ব্যবহারের খাল দখল করে মাছ চাষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে পানি নিষ্কাশনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি, পানির গুণগত মানের অবনতি, কৃষিকাজে বিঘ্ন ঘটার পাশাপাশি জনসাধারণের চলাচলেও সমস্যা হচ্ছে।

এসব কর্মকাণ্ডে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়ে নোটিশে বলা হয়, সরকারি খালগুলো জরিপ ও তদন্তের মাধ্যমে অবৈধ দখল এবং পানি প্রবাহের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে হবে। এরপর অবৈধ দখল উচ্ছেদ করে প্রাকৃতিক পানি প্রবাহ ও নিষ্কাশনব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

একই সঙ্গে অনুমোদনহীন মাছ চাষ বন্ধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ ও জলাভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

এর আগে একই বিষয়ে গত ৪ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিল মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা। সেখানে সরকারি খালে মাছ চাষ বন্ধ এবং পানি প্রবাহ অবাধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।

তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে এবার এই আইনি নোটিশ পাঠানো হলো।

আরএনবি/এআর