Dhaka Mail Logo

আইন-আদালত

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তাদের পদত্যাগের ধারায় এবার সরে দাঁড়ালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিজ পদ থেকে ইস্তফা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বেলায়েত হোসেন। সেখানে পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘ব্যক্তিগত’ বিষয় উল্লেখ করেছেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কয়েকজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। তার ঠিক দুদিন আগে গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন রাষ্ট্রের পাঁচ আইন কর্মকর্তা। 

তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এছাড়া সম্প্রতি পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত জুন মাসে সরকারের গৃহীত কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছিলেন।

সে সময় পদত্যাগকারী আইন কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে ওই পদক্ষেপ নিয়েছিলেন।

এদিকে গত ৩০ জুলাই সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। 

ওই নিয়োগের মাধ্যমে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন। 

এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের পাশাপাশি হামলার অভিযোগের ঘটনাও ঘটেছে।

আরএনবি/এএইচ