Dhaka Mail Logo

আইন-আদালত

তিন মামলায় জামিন, কারামুক্তিতে বাধা নেই সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পৃথক থানায় করা তিন মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিনের আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও সৈয়দা সাজিয়া শারমিন।

দীপংকর তালুকদারের আইনজীবী অনাবিল আনন্দ রায় জানান, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ও পরে পল্টন, ভাটারা, বংশাল ও শাহবাগ থানার মোট পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী অনাবিল বলেন, এসব মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেও সেখানে নো অর্ডার হয়। পরবর্তীতে জামিননামা দাখিলের পর আমরা জানতে পারি, গত ৩০ মে নতুন করে আরও তিনটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) করা হয়েছে।

বর্তমানে যে তিন মামলায় তিনি জামিন পেয়েছেন, সেগুলো হলো—গত বছরের ভাটারা থানার ৪৬ নম্বর ও পল্টন থানার ৩৯ নম্বর মামলা এবং ২০২৪ সালের বংশাল থানার ১০ নম্বর মামলা।

পূর্বের পাঁচটি মামলায় তিনি আগে থেকেই জামিনে আছেন উল্লেখ করে আইনজীবী অনাবিল আরও বলেন, নিচের এই তিনটি মামলায় আজ জামিন হয়েছে। আমাদের জানামতে, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ফলে এখন কারামুক্তিতে কোনো বাধা নেই।

এদিকে আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।

তিনি বলেন, নোট তো দেওয়ার কথা। হাইকোর্টে নোট দিয়ে এগোবে। অর্ডারটির সার্টিফায়েড কপি পেলে তারপর নোট যাবে।

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

আগের পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এই আবেদন করেছিলেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন।

দীপংকর তালুকদার রাঙামাটি আসন থেকে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরএনবি/এআর