Dhaka Mail Logo

আইন-আদালত

শাপলা চত্বর মামলায় শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আবেদনের বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

এদিন মামলার শুনানিতে শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাকে কোমরে বেল্ট ও হাতে লাঠি ব্যবহার করতে দেখা যায়। পুলিশ সদস্যদের সহায়তায় তিনি ধীরে ধীরে হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় যান।

শুনানিতে তার আইনজীবী জানান, শাহরিয়ার কবিরের পা ভেঙে যাওয়ার পর সেখানে রড বসানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে তার বেশ কষ্ট হচ্ছে। কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়া এবং অন্যান্য সময় চলাচলের সুবিধার জন্য তার একটি হুইলচেয়ার প্রয়োজন।

আইনজীবী আরও জানান, প্রয়োজন হলে তারা নিজেদের খরচে হুইলচেয়ার কিনে দিতে প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপক্ষ থেকে আবেদনের বিরোধিতা না করায় ট্রাইব্যুনাল হুইলচেয়ার ব্যবহারের অনুমতি দেন।

এদিকে, শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। মামলায় বর্তমানে গ্রেফতার আসামিদের মধ্যে শাহরিয়ার কবিরসহ ১১ জনকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলাটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে চলমান।

আরএনবি/জেবি